সিরাজগঞ্জে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সিঙ্গাপুরের কোম্পানির সঙ্গে চুক্তি
সিরাজগঞ্জে দ্বৈত জ্বালানিভিত্তিক একটি ‘কম্বাইন সাইকেল’ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশীয় ও সিঙ্গাপুরের একটি যৌথ কোম্পানির (পিপিপি) সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর চারটি চুক্তি হয়েছে।
সোমবার ঢাকার একটি হোটেলে ‘সেম্বকর্প নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের’ সঙ্গে ভূমি বরাদ্দ, জ্বালানি সরবরাহ, উৎপাদিত বিদ্যুৎ ক্রয় এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চূড়ান্ত চুক্তি সাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের অগাস্টের মধ্যে ‘সিম্পল সাইকেল’ এবং ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে ‘কম্বাইন সাইকেলের’ বিদ্যুৎ বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জমিতে স্থাপিত এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ৪১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে গ্যাস ও পেট্রোলিয়াম।
বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনে সিঙ্গাপুরের সরকারি ও বেসরকারি অংশীদারি প্রতিষ্ঠান ‘সেম্বকর্প ইউটিলিটি লিমিটেড’ এবং সরকারি ‘নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি’ ওই যৌথ কোম্পানি গঠন করে। চুক্তির মেয়াদ সাড়ে ২২ বছর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যৌথ কোম্পানির নেতৃত্বে ছিলেন সেম্পকর্প এর প্রতিনিধি ও যৌথ কোম্পানির চেয়ারম্যান টান চেঙ গোয়ান।
তিনি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) সঙ্গে বিদ্যু ক্রয় চুক্তি ও ভূমি বরাদ্দ চুক্তি করেন।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের সেক্রেটারি হাসান ইকবাল এর সঙ্গে জ্বালানি হিসেবে গ্যাস সরবরাহ চুক্তি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সেক্রেটারি নুরুল আমিনের সঙ্গে পেট্রোল সরবরাহ চুক্তি করেন।
এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ফয়জুল আমিন ও পাওয়ার গ্রিড কোম্পানির সেক্রেটারি আশরাফ হোসেনের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক চুক্তি করেন।
প্রকল্পের মোট ব্যয় ৪১ কোটি ২৫ লাখ ডলার। এর মধ্যে এনডব্লিউপিজিসিএল ২৯ শতাংশ এবং সিম্পকর্প ৭১ শতাংশ শেয়ারের মালিক।
টান চেঙ গোয়ান বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত প্রবৃদ্ধিশীল দেশগুলোর মধ্যে অন্যতম। এই দেশে নতুন এই প্রকল্পটি চালুর মাধ্যমে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, এই প্রকল্প সফলভাবে সময় মতো বাস্তবায়িত হলে তা ভবিষ্যতে এই খাতে আরও বিনিয়োগের সাহস যোগাবে। দেশে কয়েক মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার মেগাওয়াটে পৌঁছবে।
২০২১ সালের মধ্যে শতভাগ নাগরিকের কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান শাসমুল ইসলাম মিয়া বলেন, এলক্ষ্যে এরকম আরও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে।
সিঙ্গাপুরের কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যৌথ কোম্পানি সব ধরনের আন্তর্জাতিক মান বজায় রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
