‘গেইম অ্যাপে গড়ে উঠবে হাজার কোটি টাকার শিল্প’
মোবাইল গেইম অ্যাপে বাংলাদেশে প্রায় তিন হাজার কোটি টাকার শিল্প গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘মোবাইল গেইমের বিশ্ব বাজারে বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের মেধার কোনো ঘাটতি নেই। শুধু দরকার ছিল আমাদের সরকারের নেতৃত্ব এবং সহযোগিতা।
“প্রধানমন্ত্রী আন্তরিক প্রচেষ্টা ও তার উপদেষ্টার সহযোগিতায় গেমিং খাতে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করতে ‘স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন’ শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।”
বেসরকারি খাতের গেইম ও অ্যাপস ডেভেলপারদের এ সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না। জনগণের কষ্টার্জিত প্রত্যেকটি পয়সার সর্বোত্তম ব্যবহার আপনারা নিশ্চিত করবেন, এতে করেই ২৮২ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আমরা দুই হাজার ৮০০ কোটি টাকার ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারব।”
‘স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন’ শীর্ষক প্রকল্পটি গত ১৪ জুন একনেক অনুমোদন দেয়।
প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য গেইম ও মোবাইল অ্যাপসের বিশ্ব বাজারে বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে ২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাত থেকে যে পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে মোবাইল গেইম ও অ্যাপস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরে আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) সুশান্ত কুমার সাহা।
অনুষ্ঠানে জানানো হয়, ‘স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন’ প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে ৭টি মোবাইল অ্যাপস ও গেইম ডেভেলপমেন্ট একাডেমি স্থাপন; ৩০টি জেলায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল অ্যাপস ও গেইম ল্যাব, অ্যাপ টেস্টিং ল্যাব ও ট্রেনিং পয়েন্ট স্থাপন করা হবে।
এছাড়াও, অনলাইন কোয়ালিটি অ্যাসুরেন্স পরীক্ষণ ও বাছাইকরণ; কর্মসংস্থানের সুযোগ ও স্টার্টআপ প্রতিষ্ঠান, ভেনচার সংশ্লিষ্ট উদ্যোগ ও কার্যক্রমে সহায়তা করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
এর মাধ্যমে আট হাজার ৭৫০ জনকে পূর্ণাঙ্গ অ্যাপ ডেভেলপার এবং দুই হাজার ৮০০ জনকে গেমিং এনিমেটর হিসেবে গড়ে তোলা হবে।
