২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংকের আয় বাড়িয়েছে ইন্টারনেট সেবা

চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংকের মোট রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়ে এক হাজার ২৩০ কোটি টাকা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 07:42 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

রাজস্ব বাড়ার প্রধান নিয়ামক হিসেবে ইন্টারনেট সেবায় ৬০ শতাংশ আয় বৃদ্ধিকে দেখিয়েছে এই মোবাইল ফোন অপারেটর।

ভয়েস সেবাতেও রাজস্ব ক্রমাগতভাবে বাড়ছে বলে বৃহস্পতিবার দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল জানিয়ে বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, “ইন্টারনেট রাজস্ব বৃদ্ধিতে অবদান রেখেছে ৬ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি এবং ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ১৭৮ শতাংশ বৃদ্ধি; এর পাশাপাশি থ্রি জি কভারেজ বিস্তৃতি এবং স্মার্টফোনের ব্যবহার বাড়ার ফলেও ইন্টারনেট রাজস্ব বৃদ্ধি পেয়েছে।”

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “আমাদের দেওয়া ডিজিটাল সেবাসমূহ, যেগুলো ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এই সাফল্য অর্জনে সহায়ক হয়েছে সেগুলো নিয়ে গ্রাহকের মাঝে এমন সাড়া দেখে আমরা উৎসাহিত হয়েছি।

“যেহেতু আমরা সম্পূর্ণ ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে এগিয়ে যাচ্ছি, এ কারণে গ্রাহকদের সেরা উন্নততর ডিজিটাল সেবাসমূহ উপহার দিতে আমরা প্রত্যয়ী।”

বাংলালিংক জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে গ্রাহক প্রতি গড় রাজস্বের পরিমাণ বেড়েছে ৫ শতাংশ।

তবে গত বছরের একই সময়ের তুলনায় এই বছরের রাজস্বের বৃদ্ধির গতি তুলনামূলক ধীর।

এজন্য এ বছরের জুন মাসের প্রথম থেকে রিচার্জের ওপর ২ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ এবং এ বছরের মার্চ থেকে ১ শতাংশ সারচার্জ আরোপকে কারণ দেখিয়েছে মোবাইল অপারেটরটি।

সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়ার কারণে অনিবন্ধিত সিম গত জুন থেকে বন্ধ হয়ে যাওয়ায় দ্বিতীয় প্রান্তিকে গ্রাহক সংখ্যা ৩ শতাংশ কমেছে বাংলালিংকের।