‘সারথি’র পরিধি বাড়ছে
পোশাক শ্রমিকদের জন্য সেবার মান বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে সুইসকন্ট্যাক্ট ও মেটলাইফ ফাউন্ডেশন।
মেটলাইফ ফাউন্ডেশন ও সুইসকন্ট্যাক্টের অর্থায়নে পরিচালিত ‘সারথি’ প্রকল্পের পরিধি বাড়াতে এমন চুক্তি করা হয়েছে বলে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থা এবং কমার্শিয়াল ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে এবং ব্যাংক অ্যাকাউন্টধারী হিসেবে তারা যাতে নিয়মিত হিসাব পরিচালনা করতে পারেন সে উদ্দেশ্যে কাজ করছে ‘সারথি’।
চুক্তির ফলে ‘সারথি’ শ্রমিকদের জন্য সুবিধাজনক ফাইনান্সিয়াল প্রডাক্ট তৈরি, বিকল্প ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন সহজ করা এবং শ্রমিকদের অর্থনীতি বিষয়ক কর্মশালা করাতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহা ব্যবস্থাপক নূরুন নাহার বলেন, “এই সমঝোতা চুক্তি তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের উন্নয়নে কাজ করার ক্ষেত্র উন্মুক্ত করবে।”
সারথি প্রকল্পের টিম লিডার জাহিদ পারভেজ বলেন, “বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি দেশব্যাপী অর্থনৈতিক অন্তর্ভুক্তি বিষয়ক যুগান্তকারী একটি পদক্ষেপ, যা টেকসই বিজনেস মডেল হিসেবে দেশের বিভিন্ন ব্যাংকগুলোকে এজেন্ট ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।”
