‘উচ্চমানের’ ব্যাটারি আনছে রহিমআফরোজ ও জাপানের টেরা মটর্স
রহিমআফরোজের সঙ্গে মিলে বাংলাদেশে ‘উচ্চমানের’ ব্যাটারি উৎপাদনের ঘোষণা দিয়েছে জাপানের কোম্পানি টেরা মটর্স।
গত মার্চ মাস থেকে দুই কোম্পানির মধ্যে সহযোগিতা শুরু হলেও শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
টেরা মটর্সের সেলস ডিরেক্টার আকিহিরো উয়েদা বলেন, গুলশানের সন্ত্রাসী হামলার পরও বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
পুরো প্রকল্পের সম্ভাব্যতা ও সক্ষমতার ওপর বাংলাদেশে তাদের বিনিয়োগ নির্ভর করবে বলে এক প্রশ্নের জবাবে জানান তিনি।
সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশে ‘ইজি বাইক’ হিসেবে পরিচিত ব্যাটারি চালিত অটোরিকশার জন্য উৎপাদন করা হবে এসব ব্যাটারি।
বর্তমানে বাংলাদেশ প্রায় সাড়ে চার লাখ বিদ্যুৎচালিত গাড়ি রয়েছে বলে অনুষ্ঠানে বলেন রহিমআফরোজের স্ট্রোরেজ পাওয়ার ডিভিশনের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট প্রধান ফারাজ এ রহিম।
