বাংলাদেশে হুয়াওয়ের প্রথম কাস্টমার সল্যুশন সেন্টার
বাংলাদেশে প্রথমবারের মতো ‘কাস্টমার সল্যুশন ইনোভেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এক্সপেরিয়েন্স সেন্টার’ (সিএসআইসি) চালু করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বেজ গ্যালারি ভবনে নতুন এই সেবাকেন্দ্র উদ্বোধন করেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু বলেন, “বিশ্বের সেরা প্রযুক্তিগত চর্চার সঙ্গে মিলে ধারণা আদান-প্রদান এবং ব্যবসায়িক সল্যুশনে নতুনত্ব আনার মাধ্যমে আইসিটির ক্ষেত্রে উভয়পক্ষের জন্য সিএসআইসি ফলপ্রসূ একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি।”
নতুন সিএসআইসিতে হুয়াওয়ের গ্রাহক এবং গবেষণা ও উন্নয়ন ল্যাবের তৈরি করা ফোরকে ভিডিও, আইওটি, ন্যাশনাল ব্রডব্যান্ড অ্যান্ড মোবাইল ব্রডব্যান্ডসহ ১২০টিরও বেশি গ্লোবাল রেফারেন্স বা সহায়ক অ্যাপ্লিকেশন ও সেবা পাওয়া যাবে।
তৃতীয় পক্ষের সহায়তায় প্রচলিত প্রদর্শনী হলের পরিবর্তে সিএসআইসি সাজানো হয়েছে ক্লাউড সেবার মাধ্যমে যেখানে রাখা হয়েছে হুয়াওয়ের গ্লোবাল রিসোর্স এবং গবেষণা ফলাফলের বিভিন্ন তথ্য।
অত্যাধুনিক অবকাঠামো স্থাপন এবং হুয়াওয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের সঙ্গে ধারণা আদান-প্রদানের মাধ্যমে গ্রাহকরা বিশ্ব সেরা সেবা পাবে সিএসআইসি হলে।
বর্তমানে সারা বিশ্বে হুয়াওয়ের ২০টি সিএসআইসি চালু রয়েছে এবং আরো ৩০টি সিএসআইসি স্থাপনের কাজ চলছে।
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর লিঙ্গুয়ানজুন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
