২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার গড়া ‘প্রাণ’ বিশ্বময় ছড়িয়ে দিতে চান ছেলে

সেনাবাহিনী থেকে অবসরের পর আমজাদ খান চৌধুরী শুরু করেছিলেন ব্যবসা; তার প্রতিষ্ঠিত প্রাণ-আরএফএল গ্রুপ এখন দেশের বৃহত্তম কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং প্লাস্টিক খাতের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2016, 02:51 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

বাবার মৃত্যুর পর হাল ধরা ছেলে আহসান খান চৌধুরী এখন সেই ব্যবসাকে ছড়িয়ে দিতে চান বিশ্বের সব প্রত্যন্ত অঞ্চলে। তার স্বপ্ন, বাংলাদেশের মানুষ যেভাবে ‘প্রাণ’কে গ্রহণ করেছে, একদিন সারা দুনিয়ার মানুষ সেভাবেই প্রাণকে চিনবে, গ্রহণ করবে।

শুক্রবার বাবা আমজাদ খান চৌধুরী প্রথম মৃত্যুবার্ষিকীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এই স্বপ্নের কথা জানান আহসান খান চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বহুবছর ধরে প্রাণ বাংলাদেশের মানুষের কাছে ‘সমাদৃত’। বাজারের দিকে তাকালেই বোঝা যায়, প্রাণকে তারা ‘কতোটা গ্রহণ করেছে’।

“আমরা এইভাবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছাতে চাই। বিশ্বজুড়ে অনেক দেশে আমাদের পণ্য যাচ্ছে। কিন্তু সেখানে আমাদের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে যাই, যেন সারা পৃথিবীর মানুষ প্রাণকে চিনতে পারে।”

আহসান বলেন, “আমাদের এখনকার ব্যবসার প্রতিটি ক্যাটাগরিতে আমরা বিশ্বজুড়ে ভালো করতে চাই। নতুন নতুন পণ্য নিয়ে বিশ্বজোড়া মানুষের কাছে যেতে চাই।”

প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন। ঢাকার নবকুমার ইন্সস্টিটিউটে তার শিক্ষা জীবন শুরু। ১৯৫৬ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। পরে স্নাতক করেন অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে।

মেজর জেনারেল হিসেবে ১৯৮১ সালে সেনা বাহিনী থেকে অবসরে যাওয়ার পর আমজাদ খান ব্যবসায় মনোযোগ দেন। হস্তচালিত কৃষি সেচ পাম্প তৈরি করতে গড়ে তোলেন রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)।

এর মাধ্যমেই যাত্রা শুরু করে আজকের প্রাণ-আরএফএল গ্রুপ। ২০১৫ সালের ৮ জুলাই মৃত্যুর আগে সেই শিল্প প্রতিষ্ঠানকে পরিণত রূপ দিয়ে যান আমজাদ খান।

প্রাণ-আরএফএল গ্রুপের তথ্য অনুযায়ী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ফার্নিচার, বাইসাইকেল, লিফট, টেক্সটাইল, টয়লেট্রিজ, প্যাকেজিং শিল্পে প্রায় ৫৭ হাজার পণ্য রয়েছে এই গ্রুপের। বাংলাদেশের সীমা ছাড়িয়ে এসব পণ্য যাচ্ছে বিশ্বের ১৩০টি দেশে।

বর্তমানে এই গ্রুপে সরাসরি কাজ করছেন ৮০ হাজারের বেশি মানুষ। আর পরোক্ষ কর্মসংস্থান প্রায় ২ লাখ। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ মানুষ এ গ্রুপের ওপর নির্ভরশীর বলে কোম্পানির ভাষ্য। 

এছাড়া এই গ্রুপের চুক্তিভিত্তিক কৃষক রয়েছেন প্রায় ৮০ হাজার। এই কৃষকদের পণ্য কিনে তা প্রক্রিয়াজত করে প্রাণ। ‘মান নিশ্চিত করতেই’ বাজার থেকে সংগ্রহ না করে চুক্তিভিত্তিক কৃষকদের থেকে পণ্য সংগ্রহ করা হয় বলে গ্রুপের শীর্ষ এক কর্মকর্তা জানান।

রপ্তানি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রাণ’ পরপর দশবছর জাতীয় রপ্তানি ট্রফি এবং ২০১১ সালে এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পায়।

প্রাণ-আরএফএলের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কৃষি প্রক্রিয়াজতকরণ শিল্পে বাংলাদেশে যতগুলো শাখায় কাজ হচ্ছে, একমাত্র আমরাই তার সবগুলোতে আছি। কেউ হয়তো কোনো একটি শাখায় আমাদের প্রতিদ্বন্দ্বী, কিন্তু এককভাবে অন্য কোনো কোম্পানি আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেই।”

প্লাস্টিকে দেশের মোট উৎপাদনের প্রায় ৬০ ভাগ প্রাণ-আরএফ গ্রুপই করছে বলে কামরুজ্জামান জানান।

তিনি বলেন, “কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমজাদ চৌধুরীর পরিকল্পনা ও নেতৃত্বেই এ প্রতিষ্ঠান এতদূর এসেছে।”

ব্যবসায়িক জীবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিইসি), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল), বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সভাপতি, পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন আমজাদ খান।

এছাড়া রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), আন্ডারপ্রিভিলেজড চিলড্রেন্স এডুকেশন প্রোগ্রামের (ইউসেপ) মতো সংগঠনের প্রতিষ্ঠায় তিনি সম্পৃক্ত ছিলেন।