৯৯.৯৫% শ্রমিক বোনাস পেয়েছে, দাবি বিজিএমইএর
ঈদের আগে শতভাগ তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের উৎসব ভাতা দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ।
তবে এই দাবি নাকচ করে পোশাক শ্রমিকদের সংগঠনগুলো বলছে, এখনো বেশিরভাগ কারখানায় বোনাস দেওয়া হয়নি, কিছু কিছুতে আংশিক দেওয়া হয়েছে।
সোমবার কারওয়ানবাজারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “প্রায় ৯৯.৯৫ শতাংশ কারখানা ঈদে উৎসব ভাতা প্রদান করেছে।”
বিজিএমইএ সভাপতি জানান, বেতন-বোনাস পরিশোধ পর্যবেক্ষণে ঢাকার পোশাক কারখানা অধ্যুষিত এলাকাকে ভাগ করে বিজিএমইএ পরিচালক, কারখানা মালিক ও বিজিএমইএ কর্মকর্তাদের সমন্বয়ে ৯টি আঞ্চলিক মনিটরিং কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।
আরও বেশ কিছু কারখানা পর্যবেক্ষণ করা হয়েছে উল্লেখ করে সিদ্দিকুর বলেন, “মোট ১৩১৯টি কারখানা পরিদর্শন করা হয়েছে, যেগুলোর মধ্যে ক্লোজ মনিটরিংয়ে ছিল ১২০০টি কারখানা।এগুলোর মধ্যে তিনটি কারখানায় শ্রমিকদের ঈদের বোনাস দেওয়া হয়নি।”
এবিষয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি জলি তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিসের ভিত্তিতে এই কথা তিনি বললেন, আমরা বুঝলাম না। কারণ বিজিএমইএর লিস্টেড কারখানা ৫ হাজার ৮০০। সেখানে মাত্র এক হাজার ৩১৯টি কারখানা পরিদর্শন করে তিনি এই কথা কীভাবে বলেন?
“আর একটা বিষয় হলো, যে কয়েকটা কারখানায় বেতন বোনাস দেওয়া হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই শতকরা ২৫ থেকে ৩০ ভাগ। আর বেতনের কথা তিনি যা বলেছেন, শ্রমিকদের দেওয়া হয়েছে মে মাসের, জুন মাসের বেতন দেয়া হয়নি।”
সংবাদ সম্মেলনে বিজিএমই সভাপতি জানান, সোমবার দুপুর পর্যন্ত ৭৫ ভাগ কারখানায় ছুটি দেওয়া হয়েছে, বিকাল নাগাদ শতভাগ কারখানায় ছুটি দেওয়া হবে।
