ব্যাংকগুলোকে ঈদ ছুটিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ
এবার ঈদের দীর্ঘ ছুটিতে নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়।
‘ব্যাংকের ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে’ শিরোনামের সার্কুলারে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু চুরি, ডাকাতিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সাইবার অপরাধের প্রেক্ষিতে ব্যাংক কোম্পানিসমূহের ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।
“বিশেষভাবে ঈদ-উল-ফিতর উপলক্ষে এ বছরের সরকারি ছুটি দীর্ঘ হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আবশ্যকতা দেখা দিয়েছে।”
ঈদ উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোতে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিসসহ সব ব্যবসা কেন্দ্রের সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে সার্কুলারে।
প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের দিয়ে পালাক্রমে তদারকির ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ভল্টের নিরাপত্তা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
ঈদের টানা ছুটির মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভল্টের নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও র্যাবকে নির্দেশনা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
একই সঙ্গে সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংককে নিজ উদ্যোগে নিরাপত্তা জোরদার করার নির্দেশনা পাঠানো হয়েছে।
ঈদের আগে শেষ কর্মদিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ প্রধান ও র্যাবের মহাপরিচালক এবং সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে আলাদা চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে ব্যাংকগুলোর কর্মরত কর্মকর্তাদের ছুটির মধ্যে রাতে পালাক্রমে নিরাপত্তা ব্যবস্থা ও পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়।
অপর এক চিঠিতে ব্যাংকগুলোর ভল্টের নিরাপত্তার জন্য দেশের সব পুলিশ স্টেশন ও র্যাব কার্যালয়কে নির্দেশ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ প্রধান ও র্যাবের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়।
আর শুক্র ও শনিবার সাপ্তাহিত ছুটি হওয়ায় এবার ঈদের ছুটিতে টানা নয় দিন (১ থেকে ৯ জুলাই) ব্যাংক বন্ধ থাকবে।
তবে ব্যবসায়ী শিল্পপতিদের দাবির পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক এলাকা এবং বড় বড় বিপণিবিতানে ১, ২ ও ৩ জুলাই বিশেষ ব্যবস্থায় ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশনা রয়েছে।
