‘ঋণ জটিলতায় বিঘ্নিত’ পোশাক কারখানার সংস্কার
ব্যাংক ঋণের উচ্চ সুদহার ও ঋণ পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কারণে পোশাক কারখানার চলমান সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে এক পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে।
সারা দেশে পোশাক খাতের সংস্কার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সোমবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার, আইএলও বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর গগন রাজভাণ্ডারি, বিজিএমইএ’র সহ সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জগন্নাথ চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।
২০১৩ সালের এপ্রিলে সাভারে রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে কারখানার কর্মপরিবেশ ও শ্রমিক নিরাপত্তা নিয়ে সোচ্চার হয় বিশ্ব সম্প্রদায়। কারখানাগুলোর মানোন্নয়নে ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের উদ্যোগে অ্যাকর্ড ও অ্যালায়েন্স এবং দেশীয় নীতিনির্ধারকদের উদ্যোগে ন্যাশনাল ইনিশিয়েটিভ নামের আলাদা পর্যবেক্ষক সংস্থা গঠন করা হয়।
ত্রিপক্ষীয় উদ্যোগের সমন্বয়ে গত তিন বছর ধরে কারখানা পরিদর্শন ও সংস্কার কাজ চলছে।
প্রতিবেদনে অবকাঠামো সংস্কার, নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন কাজে দৃষ্টি দেওয়া হয়। একই সঙ্গে এসব সংস্কার কাজের ব্যয় নির্বাহে কারখানাগুলোর সক্ষমতাও আলোচনা হয়।
প্রতিবেদনে বলা হয়, পোশাক খাতের সংস্কারের জন্য বিশেষ কোনো ঋণ সুবিধা চালু নেই। তারা ঋণ পাওয়ার ক্ষেত্রে জটিল আমলাতান্ত্রিক ঝামেলার মুখে পড়েন। আর ঋণ পেলেও তার সুদ হার হয় অনেক বেশি। ছোট কারখানার মালিকদের জন্য সুদ হার ১১ থেকে ১৮ শতাংশ। আর বড় ঋণ গ্রহিতাদের জন্য সুদ হার ৯ থেকে ১৬ শতাংশ।
কারখানার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি, জাপানের উন্নয়ন সংস্থা জাইকা, যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি ও ফ্রান্সের এএফডি থেকে আসা স্বল্প সুদের ১৮ কোটি ৭০ লাখ ডলারের ঋণ সহায়তা নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়।
তিনি বলেন, গত তিন বছরে মাত্র একটি কারখানা এই বিদেশি ঋণের সুবিধা পেয়েছে। এছাড়া ছোট ও মাঝারি কারখানাগুলো বিভিন্ন জটিলতার কারণে এই স্বল্প সুদের ঋণ সুবিধা পায় নি।
“ব্যাংক মালিকরা ঋণ দেওয়ার ক্ষেত্রে যেসব কাজপত্র চায় সেগুলো উপস্থাপন করা অনেক সময় কঠিন হয়। যেসব কারখানা বড় ক্রেতাদের সঙ্গে লেনদেন করেন তারাই কেবল কার্যাদেশের কাগজপত্র ব্যাংকে দেখিয়ে ঋণ নিতে পারে। সে কারণে সব ব্যবসায়ী ঋণ নিতে পারেন না।”
প্রতিবেদনে বলা হয়, কারখানাগুলোতে নিরাপত্তা রক্ষায় সংস্কারের জন্য যে ৫৯টি বিষয় ঠিক করে দেওয়া হয়েছিল, তার অর্ধেকই নিরাপদ বিদ্যুৎ সংযোগ স্থাপন সংক্রান্ত। ৩০ শতাংশ উদ্যোগ অগ্নি নিরাপত্তা সংক্রান্ত এবং বাকিগুলো অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত। ৪২ শতাংশ অ্যাকর্ড এবং ৩৫ শতাংশ অ্যালায়েন্সভুক্ত কারখানা তাদের সমস্যার সমাধান করেছে।
পর্যবেক্ষকদের হিসাব অনুযায়ী, অধিকাংশ (৮০ শতাংশ) কারখানা সংস্কারে এক লাখ থেকে আড়াই লাখ ডলার খরচ হতে পারে। বাকি কিছু (১০ শতাংশ) কারখানার সংস্কারে ২০ হাজার ডলার খরচ হতে পারে। ১০ শতাংশ কারখানার সংস্কারে ৯ লাখ ডলার খরচ হতে পারে।
আইএফসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়েন্টি ওয়ার্নার বলেন, সংস্কার কাজে অর্থায়নের গুরুত্ব সম্পর্কে পোশাকখাত সংশ্লিষ্টদের সজাগ হতে হবে। কারখানাগুলোকে সংস্কার কাজে এই অর্থায়নকে অবশ্যই বিনিয়োগ হিসেবে মনে করা উচিত।
আইএলও বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর গগন রাজভাণ্ডারি বলেন, সংস্কারকাজ ভালোভাবে সম্পন্ন হলে রপ্তানি নির্ভর পোশাকখাতে শ্রমিকদের নিরাপত্তা স্বাভাবিকভাবেই রক্ষা হবে।
“কারখানা মালিকদের জন্য পর্যাপ্ত ও বহনযোগ্য ঋণ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। তবে যেসব কারখানামালিক নিজের অর্থায়নে সংস্কারগুলো করতে সক্ষম অথবা যারা প্রচলিত সুদহারের ঋণ বহন করতে সক্ষম তাদের বিলম্ব করা উচিত হবে না,” বলেন রাজভান্ডারি।
