প্রাণ কারখানায় একদিন
পশ্চিমাঞ্চলের জেলা নাটোরে প্রাণের কারখানা প্রাণ এগ্রো লিমিটেড থেকে আসে সস, জেলি, আচার, ম্যাংগোবার, চাটনি, পিনাটবার, সরিষার তেল ও বিভিন্ন মসলা।
এসব খাদ্যপণ্য যেভাবে আম, টমেটো, বাদাম, ডাল, পেয়ারা, আনারস, হলুদ ও মরিচসহ বিভিন্ন ফল ও শস্য প্রক্রিয়াজাত করে তৈরি হয় তাও বেশ আগ্রহোদ্দীপক।
আমের এ মৌসুমে ওই কারখানায় গিয়ে সুস্বাদু এই ফলটি প্রক্রিয়াজাত করে অন্যান্য খাবার তৈরির বিষয়টিই বেশি নজরে আসে।
সম্প্রতি কারখানা ঘুরে দেখা যায়, আম আসার পর তাতে কোনো ক্ষতিকর রাসায়নিক আছে কি না তাই প্রথমে পরীক্ষা করা হয়। আম বাছাই ও বোঁটা ফেলে তুলে দেওয়া হয় একটি স্বয়ংক্রিয় যন্ত্রে। সেখানে আম কয়েক দফা ধোয়ার পর রস বের করা হয়। সেই রসে ব্যাকটেরিয়া বা অন্য কোনো ক্ষতিকর উপাদান আছে কি না, তা যাচাই করে দেখা হয় পরীক্ষাগারে।
কারখানার উপ- মহাব্যবস্থাপক হযরত আলী জানান, এ বছর আম প্রক্রিয়াজাতকরণের জন্য তারা নতুন যন্ত্র এনেছেন।
“সেখানে আরও আধুনিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে পাল্প (মণ্ড) সংগ্রহ করা হচ্ছে। ওই পাল্প থেকে বিভিন্ন পণ্য তৈরি হয় দেশের বিভিন্ন স্থানে থাকা প্রাণের কারখানাগুলোতে।”
২০০০ সালে নাটোরের একডালায় ৪২ একর জমির ওপর নির্মিত হয় কৃষিভিত্তিক কারখানা প্রাণ এগ্রো লিমিটেড। ১৬ বছরে কারখানার পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে একে ঘিরে ওই এলাকায় কর্মচাঞ্চল্যও বেড়েছে। এখন তাদের নিয়মিত শ্রমিক সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে, যাদের ৯০ শতাংশই নারী। এছাড়া আমের মৌসুমে আরও ৫ হাজার লোকের কর্মসংস্থান হয়।
কারখানার ভেতরে বোঁটা কাটা ও আম বাছাইয়ে নিয়মিত শ্রমিকদের বাইরেও প্রায় এক হাজার নারী শ্রমিক কাজ করেন। মাসে সাড়ে চার হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আয় তাদের।
শিউলি বেগম নামের একজন শ্রমিক জানান, বোটা কাটার কাজ করে প্রতিদিন দেড়শ থেকে দুইশ টাকা আয় করেন তিনি। কারখানার কাছেই বাড়ি হওয়ায় যাতায়াতে কোনো খরচ হয় না।
হিম সাগর, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাতি, ফজলিসহ নানা প্রজাতির আমের সঙ্গে মানুষ বেশি পরিচিত হলেও এই কারখানায় আনা হয় গুটি আম।
এই আম ঘিরেই কর্মসংস্থান, উৎপাদন ও বিপণনের একটি ধারা গড়ে উঠেছে এই এলাকায়।
প্রাণের কৃষিবিদ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারে গুটি আমের চাহিদা কম থাকলেও এর ফলন ভালো, স্থায়িত্ব বেশি, পোকার আক্রমণ কম এবং দামে সস্তা। সে কারণে এই আম চাষের জন্য বেছে নেওয়া হয়।
তাদের কোম্পানির পক্ষ থেকে কৃষকদের কম দামে সার, ওষুধ ও প্রশিক্ষণ দেওয়া হয়। আম পাকলে তা কিনে নেন তারা।
“আমরা প্রতি সপ্তাহে নতুন বাজারমূল্য নির্ধারণ করি। ফলে অধিক মূল্যের জন্য কৃষিকরা অন্য কোনো ক্রেতার কাছে যাবে এমনটি প্রয়োজন হয় না।”
জেলার বাগাতিপাড়ার চকতকিনগর গ্রামের ১০৫ বিঘা জমির আমবাগানের মালিক শরিফুল ইসলাম জানান, তার বাগানে বেশি উৎপাদিত হয় গুটি আম। এ বছর তিনি এক কোটি ১৩ লাখ টাকার গুটি আম বিক্রি করেছেন। মৌসুম শেষে সব জাতের আম মিলিয়ে বিক্রির পরিমাণ ২ কোটি টাকার কাছাকাছি হতে পারে।
“একসময় গুটি আম ফেলে দিতে হত। এখন সবাই এ জাতের আমের চারা রোপণ করছে,” বলেন তিনি।
প্রাণের কর্মকর্তারা জানান, তাদের প্রায় ১৩ হাজার চুক্তিভিত্তিক আমচাষি রয়েছে।এর বাইরে সাধারণ কৃষকদের কাছ থেকেও তারা আম সংগ্রহ করেন।
কারখানার উপ- মহাব্যবস্থাপক হযরত আলী জানান, এ বছর প্রায় ৫০ হাজার টন আম সংগ্রহের লক্ষ্য ঠিক করেছেন তারা। গত ২৪ মে থেকে আম সংগ্রহ শুরু হয়েছে। চলবে আগামী অগাস্ট পর্যন্ত। গুটি শেষ হলে কেনা হবে আশ্বিনা আম।
