ডাইনার্স ক্লাব ক্রেডিট কার্ড নিয়ে এলো ইবিএল
বিশ্বে স্বনামধন্য ই-পেমেন্ট ব্র্যান্ড ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের সঙ্গে মিলে বাংলাদেশে ‘ইবিএল ডাইনার্স ক্লাব ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠান এই কার্ড ছাড়ার সিদ্ধান্ত নেয় বলে ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, নতুন এই কার্ডধারীরা সুপারশপ আগোরা, মীনাবাজার ও স্বপ্ন’র সব আউটলেটে কেনাকাটায় ৫ শতাংশ এবং আড়ংয়ের সব আউটলেটে ১০ শতাংশ ক্যাশ ব্যাক পাবেন। সারা বছর এই সুবিধা বহাল থাকবে।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “ইবিএল এবং ডাইনার্স ক্লাবের মধ্যে এই পার্টনারশিপ বাংলাদেশে পেমেন্ট জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।”
ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক অ্যানি ঝেং বলেন, “বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যাংক এবং ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান হিসেবে ইবিএল এই দেশে ডাইনার্স ক্লাবের উপস্থিতি সুসংহত করবে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের মার্চেন্টভিত্তি বিস্তৃত করবে।”
