বিকেএমইএ নির্বাচন ৩ সেপ্টেম্বর
নিট পণ্য রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর।
রোববার নির্বাচন বোর্ড ২০১৬-২০১৮ মেয়াদের এই নির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ক্লাবে এবং বিকেএমইএ ঢাকা অফিসে অনুষ্ঠিত হবে।
১৪ জুলাই প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ জুলাই।
২৫, ২৬ এবং ২৭ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হবে। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১০ অগাস্ট।
বিকেএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এফবিসিসিআই সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলীকে চেয়ারম্যান এবং এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রাশেদ সারোয়ারকে সদস্য করে নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেনকে চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মাসুদুর রউফ ও নারায়ণগঞ্জ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে সদস্য করে নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়েছে।
বিকেএমই এর প্রধান কার্যালয় নারায়ণগঞ্জের প্রেসক্লাব ভবনে অবস্থিত। আর ঢাকা অফিস বাংলামটরে সোনারগাঁও রোডে প্লানার্স টাওয়ারে।
