জমতে শুরু করেছে ঈদ বাজার
ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ঢাকার পোশাক বাজার ও ফ্যাশন হাউজগুলোতে ক্রেতাদের ভিড়ও বাড়তে শুরু করেছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার গুলশান ডিএনসিসি মার্কেট, নিউ মার্কেট, বসুন্ধরা শপিং মল, আজিজ সুপার মার্কেট ও বঙ্গবাজারসহ বিভিন্ন বিপণিবিতান ঘুরে পোশাক দেখা আর বেচা-কেনার জমজমাট চিত্র দেখা গেছে।
পরিবার, বন্ধু-স্বজনদের নিয়ে বাজারে এসেছেন অনেকে; ঘুরে ঘুরে পছন্দের পোশাক বাছাই এবং দরদাম করে কেনাকাটায় ব্যস্ত সময় পার করেছেন।
ছেলে-মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে সকালে নিউ মার্কেটে আসেন সোনালী ব্যাংকের কর্মকর্তা তারিক হোসেন। ছেলে-মেয়ের জন্য সালোয়ার-কামিজ, পাজামা-পাঞ্জাবি ও জুতা কিনে ফেরার পথে কথা হয় তার সঙ্গে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুল পড়ুয়া এই দুজনের ঈদের কেনাকাটা আজকে সেরেছি। আমাদেরগুলো পরে কিনব।”
দাম আগের তুলনায় একটু বেশি হওয়ার কথা জানিয়ে তারিক বলেন, “ঈদ বাজারতো, দাম একটু বেশি রাখবেই। দু-একশ টাকা বেশিতো কিছু না।”
ক্রেতা উপস্থিতি আশানুরূপ বলে স্বস্তির প্রকাশ করেন কে-ক্রাফটের স্টলের ব্যবস্থাপক এম জিন্নাহ।
তিনি বলেন, “মার্কেটে দোকানতো অনেক। মানুষ আসছে, দেখছে; ফিরছে পছন্দের পোশাক নিয়ে।
“১১ রোজা পার হয়েছে। আবার আজকে ছুটির দিন। বিক্রিও বেশ ভাল।”
দুপুর পর্যন্ত বিক্রি আগের দিনের চেয়ে দ্বিগুণ বলে জানান তিনি।
তিনি বলেন, শাহবাগের শো-রুমে মেয়েদের পোশাকের দাম ১২শ’ থেকে শুরু করে ৬ হাজার টাকা এবং ১ থেকে ৫ হাজার টাকায় ছেলেদের পোশাক পাওয়া যাচ্ছে।
এই মার্কেটের অন্যান্য পোশাকের দোকানেও ক্রেতাদের ভিড় থাকলেও ‘ইজি’ নামের দোকানটিতে ক্রেতার পদচারণা ছিল তুলনামূলকভাবে বেশি।
একই পরিস্থিতি দেখা গেছে ফার্মগেইট হকার্স মার্কেটে। প্রধানত মেয়েদের পণ্য দিয়ে সাজানো হয়েছে এই মার্কেটের দোকানগুলো।
জুবায়ের আহমেদ বাবলু নামে সেখানকার এক দোকানি বলেন, শুক্রবার ভিড় ও বিক্রি দুটিই বেড়েছে।
হকার্স মার্কেটে তিনশ’ টাকা থেকে শুরু করে ১২০০ টাকার মধ্যে ক্রেতারা পছন্দের পোশাক কিনতে পারছেন বলে জানান আরেক দোকানি জহির উদ্দিন।
