‘বড় পরিসরে’ আসছে আইটেল মোবাইল
বাংলাদেশের বাজারে বিভিন্ন মডেলের আরও ফোন নিয়ে ‘বড় পরিসরে’ আসার ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘আইটেল মোবাইল’।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিষ্ঠানের ব্র্যান্ড পরিচিতি অনুষ্ঠানে কান্ট্রি ম্যানেজার শ্যামল সাহা এ ঘোষণা দেন।
তিনি জানান, বাজারে এখন পর্যন্ত তাদের কোম্পানির ছয়টি হ্যান্ডসেট বিক্রি হচ্ছে।
“এর মধ্যে চারটি ফিচার আর দুইটি স্মার্ট। ৮৫০ টাকা থেকে ছয় হাজার ৪০০ টাকার মধ্যে এসব সেটের গ্রাহকপ্রিয়তা আমাদের আরও বড় পরিসরে আসার প্রেরণা দিয়েছে।”
এ ধারাবাহিকতায় কয়েক মাসের মধ্যে আরও কয়েকটি উন্নত প্রযুক্তিসম্পন্ন হ্যান্ডসেট বাজারে আনা হবে বলে জানান শ্যামল।
“হংকংয়ের ট্রানসন হোল্ডিংসের শাখা কোম্পানি আইটেল মোবাইল। ২০০৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। আমাদের মূলনীতি হচ্ছে- সম্পৃক্ত হও এবং উপভোগ কর।”
আইটেল ‘৪০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে’ আফ্রিকার বাজারে প্রথম স্থানে আছে বলেও দাবি তার।
“আমরা এর মধ্যে বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডুয়াল সিম মোবাইল হ্যান্ডসেট বিক্রি করেছি।”
ব্র্যান্ড পরিচিতির এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইটেল মোবাইলের সেলস ম্যানেজার স্টিফেন ও জেরি হি উপস্থিত ছিলেন।
