বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ: ফরাশি ইন্টারন্যাশনালের এমডির জামিন বাতিল
বেসিক ব্যাংকের ৫৫ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় করা দুটি মামলায় মেসার্স ফরাশি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুন নবী চৌধুরীকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
তার জামিন মঞ্জুর করে হাই কোর্টের দেওয়া আদেশ বাতিল করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
অন্যথা তাকে গ্রেপ্তারে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী জানিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, তিনটি কার্গো ভেসেল কেনার জন্য মেসার্স ফরাশি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক বেসিক ব্যাংকে ৪০ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা ঋণের জন্য আবেদন করে। পরে নিয়মবর্হিভূতভাবে ৩০ কোটি টাকা হাসিল করে। এই অভিযোগে গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় ফয়জুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৫ কোটি টাকা নিয়ম বর্হিভূতভাবে ঋণ নেওয়ার অভিযোগে এশিয়ান শিপিং বিডি-এর স্বত্ত্বাধিকারী আকবর হোসেনের বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর গুলশান থানায় আরেকটি মামলা হয়। এ মামলায় এশিয়ান শিপিং বিডি-এর স্বত্ত্বাধিকারী আকবর হোসেনের জবানবন্দিতে আসে তার মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে ওই অর্থ আত্মসাৎ করেন ফয়জুন নবী।
ওই দুই মামলায় চলতি বছরের ২৮ মার্চ গ্রেপ্তার হন ফয়জুন নবী চৌধুরী। দুই মামলায় তিনি নিম্ন আদালতে জামিনের আবেদন জানালে ২৫ মে তা নামঞ্জুর হয়। এরপর হাই কোর্টে গিয়ে দুই মামলায় ছয় মাসের জামিন নিয়ে ৩০ মে কারাগার থেকে ছাড়া পান ফয়জুন নবী।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবেদন দুটি শুনানির জন্য উঠলে আদালত রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে আদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে আদালতে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর ফয়জুন নবী চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ।
আসামির বিরুদ্ধে অর্থ আত্নসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে জানিয়ে আদালতকে মাসুদ হাসান চৌধুরী বলেন, দুদকের মামলা শুনানির এখতিয়ার নেই এমন একটি বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি করেছে।
দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। পরে আদালত হাই কোর্টের আদেশ বাতিল করে আদেশ দেয়।
আদালত বলেছে, দুদকের বিষয়গুলো হাই কোর্টে নির্ধারিত বেঞ্চগুলো শুনবে, অন্য কোন বেঞ্চ নয়।
