ক্রেতার আশায় মুখিয়ে ঈদ বাজার
দেখতে দেখতে চলে গেছে চার রোজা; খুব দূরে নেই ঈদ উৎসব। তবে সেই উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক জুতা আর অলঙ্কার নিয়ে রাজধানী ঢাকায় এখনও শুরু হয়নি তেমন ব্যস্ততা। ‘দর্জি বাড়িতে’ অন্যান্য বার রোজার আগেই ব্যস্ততা শুরু হলেও এবার তা হয়নি বলে জানিয়েছেন দোকানিরা।
তারপরও ‘শিগগরিই’ ঈদের ‘ধুম বেচাকেনা’ শুরু হবে- এমন আশায় নানা ধরনের নকশা আর রঙের পোশাকসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছে বিপণি বিতানগুলো।
কখনও জ্যৈষ্ঠের খরতাপ কখনও ঝুম বৃষ্টি- এরই মধ্যে এবার রোজা পালন করছে রাজধানীবাসী।
এমন বৈরি আবহাওয়ার মাঝেও রোজার প্রথম শুক্রবার আর ইংরেজি মাসের ১০ তারিখ হওয়ায় বেতন পেয়ে অনেকে বাজারে আসবেন- এমন প্রত্যাশাই ছিল ব্যবসায়ীদের।
তবে বসুন্ধরা সিটি, চাঁদনী চক, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঘুরে ঈদকেন্দ্রিক ভিড় তেমন চোখে পড়েনি। দোকানিরাও জানালেন, রোজায় প্রথম ছুটির দিনে আরও ব্যস্ততার আশায় আছেন তারা।
ঈদ সামনে রেখে দোকানে নানা ধরনের নতুন পণ্য সাজিয়েছেন নিউ মার্কেটের দোকানি মোহাম্মদ ইমরান।
শুক্রবার রোজার প্রথম ছুটির দিন হলেও বিক্রি তেমন বাড়েনি বলে জানান চকোরী ম্যাচিং সেন্টারের এই বিক্রেতা।
নারীদের জন্য থান কাপড়, থ্রি-পিস, রেডিমেইড থ্রি-পিসের দেশি-বিদেশি ‘সমাহার’ রয়েছে তার দোকানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমরান বলেন, “ক্রেতার আশায় দোকানে অনেক মাল তুলছি। বিক্রি তো তেমন হচ্ছে না। অনেকে এসে দেখছে, কিন্তু কিনছে না।”
ঈদ-পূজাসহ যে কোনো উৎসব সামনে রেখে নিউ মার্কেটের অলঙ্কারের শো-রুমগুলোয় ভিড় লেগে যায় মেয়েদের।
এমনই একটি শো-রুম কে জেড ফ্যাশন্সের বিক্রয়কর্মী মিল্টন হোসেন বলেন, ১৫ রোজার পর তাদের দোকানে ঈদের ব্যস্ততা শুরু হবে। শাড়ি, থ্রি পিস, জুতাসহ অন্যান্য পোশাক কেনার পর মেয়েরা অলঙ্কারের দোকানে আসেন ম্যাচিং করে কিছু কিনতে।
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কে জেড ফ্যাশন্সের ১৮টি আউটলেট রয়েছে। ভারত, পাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা কানের রিং, ঝুমকা, কানের দুল, চুড়ি, পায়েল, নেকলেসসহ অন্যান্য অলঙ্কার পাওয়া যায় সেখানে।
নিউ মার্কেটের পাশে ইস্টার্ন মল্লিকায় রয়েছে অন্তত ৮৫টি দর্জি দোকান। মার্কেট থেকে থ্রি-পিসসহ অন্যান্য কাপড় কেনার পর এসব দোকানে পছন্দমতো পোশাক তৈরি করান নারীরা।
প্রতি বছর রোজা শুরুর আগেই এসব দোকানে পোশাক তৈরির ব্যস্ততা শুরু হলেও এবার তা হয়নি বলে জানান সাথীয়া টেইলার্সের কাটিং মাস্টার মাসুম।
তিনি বলেন, ঈদ আসলে প্রতিদিন ১০/১৫ সেট কাপড় নামাতে হয়। এবার তেমন অর্ডারও আসেনি, ব্যস্ততাও বাড়েনি। অন্যান্য বছর ১০ রোজার পর নতুন অর্ডার নেওয়ার সুযোগ থাকে না। এবার মনে হয় ২০ রোজার পরও অর্ডার নেওয়া যাবে।
তার সহকর্মী মামুন বলেন, ঈদে বাড়তি পরিশ্রম দিতে হয় বলে তারা প্রতিটি থ্রি-পিসে এক/দেড়শ টাকা বেশি নিয়ে থাকেন। তবে এবার সেই প্যাকেজ এখনও শুরু করা যায়নি।
ঈদে কম বয়সী মেয়েদের কাছে থ্রি-পিস, ফতুয়ার যেমন কদর মধ্য বয়সীদের কাছে তেমনই কদর শাড়ির।
তবে এবার শাড়ির দোকানিরাও বসে আছেন ঈদের ক্রেতাদের মুখ দেখার অপেক্ষায়।
ইস্টার্ন মল্লিকার টাঙ্গাইল তাঁতঘরের ব্যবস্থাপক আবদুছ ছবুর বলেন, সাধারণত ৪-৫ রোজা থেকে ঈদের বেচাকেনা শুরু হয়। এবার এখনও তেমন দেখছি না। আজ তো শুক্রবার, সন্ধ্যা নাগাদ বাড়তে পারে।
“টাঙ্গাইলের তাঁতের শাড়ি, দেশীয় প্রিন্ট শাড়ি পাওয়া যায় আমাদের দোকানে। এগুলোর দাম ৩৫০ থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত।”
