বিপিও সম্মেলন নিয়ে বাক্য-বিক্রয় ডটকম চুক্তি
বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সম্মেলন ২০১৬ এর ‘অ্যাক্টিভেশন’ কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) ও অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকমের মধ্যে চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার বাক্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠেয় বিপিও সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক অ্যাক্টিভেশন কার্যক্রম হবে।
এসব কার্যক্রমে সহযোগিতার জন্য সম্প্রতি বাক্যের সঙ্গে বিক্রয় ডটকমের সমঝোতা চুক্তি সই হয়। এর আওতায় এসব কার্যক্রমে সহযোগিতা দেবে বিক্রয় ডটকম। বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চলাকালে বিক্রয় ডটকমের মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির আবেদন নেওয়া হবে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন মাল্মস্ট্রোম, পরিচালক (বিপণন) মিশা আলী, ব্যবস্থাপক (মার্কেটিং) মাহবুব হাসান এবং বাক্যের সহ-সভাপতি ওয়াহিদ শরীফ ও সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি অধিদপ্তর এবং বাক্য আয়োজিত এ সম্মেলনের প্রধান লক্ষ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিপিও খাতের অবস্থান তুলে ধরা।
বিপিওকে মূল মাধ্যমে নিয়ে আসার পাশাপাশি দেশের তরুণ-তরুণীদের বেশি করে এ খাতে আগ্রহী করে তোলাও এ আয়োজনের লক্ষ্য বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
