২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইকা ক্যামেরার ‘পি৯’ স্মার্টফোন আনলো রবি-হুয়াওয়ে

দেশের বাজারে অ্যান্ড্রয়েডচালিত নতুন স্মার্টফোন ‘পি৯’ উন্মোচন করেছে হুয়াওয়ে ও মোবাইল ফোন অপারেটর রবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

সোমবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে স্মার্টফোনটি বাজারজাতের ঘোষণা দেওয়া হয়।

রোজ গোল্ড, প্রেস্টিজ গোল্ড, টিটেনাম গ্রে এবং মিস্টিক সিলভার রঙের ‘পি৯’ বাংলাদেশে পাওয়া যাবে ৪৭ হাজার ৯৯০ টাকায়।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, “ছবি তোলার ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনীকে কাজে লাগানো হয়েছে স্মার্টফোনটিতে। মূলত, বাংলাদেশের মতো স্মার্টফোনের বাজারে এর উন্মোচন আমাদের জন্য অনেক বেশি অর্থবহ “

রবির হেড অফ বিজনেস জন মিশেল আর্নাড শান্যুট বলেন, “পি৯ হল লাইকা ক্যামেরাযুক্ত প্রথম স্মার্টফোন, যাকে ফটোগ্রাফির জগতে মার্সিডিজ বেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়।

“এটি রবি’র সুপারফাস্ট ইন্টারনেট গ্রাহকদের ডিজিটাল জীবনকে আরও পরিপূর্ণ করতে সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে জানানো হয়, স্টেট অফ দ্য আর্ট ডিজাইনে তৈরি হুয়াওয়ের ‘পি’ সিরিজের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ মডেল ‘পি৯’।

২.৫ডি গ্লাস, অ্যারোস্পেস অ্যালুমিনিয়াম বডি এবং ডায়মন্ড কাট এজ রাউন্ডেড নকশা ব্যবহার করা হয়েছে এতে।

৬৪ গিগাবাইট রমের ‘পি৯’ এ পাওয়া যাবে হেজ গোল্ড ফিনিশ, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ডিজাইন, বার্শড হেয়ারলাইন্স এবং মেটাল পলিশিং কারিগরি।

পারফরম্যান্স নিশ্চিত করতে পি৯-এ ব্যবহার করা হয়েছে নতুন ক্রিন ৯৫৫ মডেলের ২.৫ গিগাহার্টজের ৬৪ বিটের এআরএম প্রসেসর।

আরও আছে ৫.২ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ডিসপ্লে, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের উচ্চ ক্ষমতার ব্যাটারি এবং নতুন প্রযুক্তির বিল্ট-ইন ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই কানেক্টিভিটি প্রযুক্তি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বমানের বায়োম্যাট্রিক ফিঙ্গারপ্রিন্ট রিকোগনিশন প্রযুক্তি আছে এ স্মার্টফোনে।

রবি গ্রাহকরা প্রতিমাসে নয় গিগাবাইট ইন্টারনেট ডেটা, ৯৯৯ মিনিট টকটাইম (যেকোন অপারেটরে ব্যবহারযোগ্য) প্যাকেজসহ হুয়াওয়ে পি৯ কিনতে পারবেন। এছাড়া ১ হাজার ৯৯০ টাকা সমান কিস্তিতে (ইএমআই) ‘পি৯’ কেনার সুযোগ রয়েছে।

এশিয়াটিক ৩৬০’র চেয়ারম্যান আলী যাকের, ফটোগ্রাফার ইরেশ যাকের প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।