থাই জ্বালানিমন্ত্রীর সঙ্গে নসরুল হামিদের বৈঠক
থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী জেনারেল আনানতাপর্ন কানজানারাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার ব্যাংককে থাই মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
তিনি বলেন, “প্রতিমন্ত্রী এ সময় শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরেন। তিনি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন ব্যবস্থায় থাইল্যান্ডের সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে বিনিয়োগের আহ্বান জানান।”
প্রতিমন্ত্রী বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে কর রেয়াতসহ নানান সুবিধা থাকার কথা উল্লেখ করে থাইল্যান্ডের বিনিয়োগ প্রত্যাশা করেন।
নসরুল হামিদ বাংলাদেশ ও থাইল্যান্ডের ২০১২ সালের যৌথ ইশতহোরে তেল ও গ্যাস অনুসন্ধানে সহযোগিতার বিষয়টিও উল্লেখ করেন।
থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী দুদেশের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কয়লা, গ্যাস ও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে এবং বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় বিনিয়োগ করতে থাইল্যান্ডের আগ্রহ রয়েছে। তিনি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভবিষ্যতে বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে থাইল্যান্ডের অংশ নেওয়ার সম্ভাবনার কথাও জানান
তারা দুজনই বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার আরও সম্ভাবনা খুঁজে বের করতে প্রতিনিধি দল বিনিময়ে একমত হন।
