গ্রামীণফোন সিম পুনঃনিবন্ধনে স্মার্টফোন
সিম নিবন্ধনে উৎসাহিত করতে ‘রি-রেজিস্ট্রেশনকারী’ গ্রাহকদের জন্য প্রতি ২০ মিনিটে একটি করে হ্যান্ডসেট উপহার দিচ্ছে গ্রামীণফোন।
রোববার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে নিবন্ধন করলে এই অফার পাওয়া যাবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১ জুন থেকে সব অনিবন্ধিত সিম নিষ্ক্রিয় হয়ে যাবে।
গ্রামীণফোন জানায়, নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেক ঘণ্টার প্রতি ২০তম মিনিটে প্রথম রি-রেজিস্ট্রেশনকারী গ্রাহক একটি কোব্র্যান্ডেড ওকাপিয়া স্মার্টফোন পাবেন।
বিজয়ীদের এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানানো হবে এবং ১৫ জুলাইয়ের মধ্যে তাদের হ্যান্ডসেট সংগ্রহ করতে হবে।
এছাড়া এই সময়ে যারা সিম পুনঃনিবন্ধন করবেন, তারা ২০০ টাকার টকটাইম পাবেন। এই টকটাইম সাত দিন কার্যকর থাকবে; প্রযোজ্য হবে কেবল জিপি-জিপি কলের জন্য। এই অফার পাওয়া যাবে ২৭ মে পর্যন্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গ্রামীণফোনের ৫০ হাজার বায়োমেট্রিক পয়েন্টে সিম নিবন্ধন করা যাচ্ছে। এজন্য গ্রাহকদের জাতীয় পরিচয়পত্রের কপি, একটি পাসপোর্ট সাইজ ছবি এবং যে সিমটি নিবন্ধন করা হবে তা সঙ্গে আনতে হবে।
