‘সিটি শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ মেহেরপুরের ইসরাত জাহান
পাঁচ ক্যাটাগরিতে ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিটিব্যাংক এনএ’র অঙ্গ প্রতিষ্ঠান সিটি ফাউন্ডেশন।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণের একাদশ আসরে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত কান্ট্রি অফিসার মইনুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এবার ‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ হিসেবে মেহেরপুরের ইসরাত জাহান সাড়ে চার লাখ টাকা পেয়েছেন। এ বিভাগের রানারআপ ঢাকার খিলগাঁওয়ের হাসিনা ইসলাম পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ টাকা।
‘শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা’ হয়েছেন চাঁদপুরের সোহেল মিয়াজি। তিনি পুরস্কারের অর্থ বাবদ সাড়ে তিন লাখ টাকা পেয়েছেন।
এ বিভাগে রানারআপ হয়েছেন নাটোরের আলাইপুরের মো. সেলিম রেজা। তাকে এক লাখ টাকা দেওয়া হয়।
‘শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা’ ক্যাটাগরিতে ঠাকুরগাঁওয়ের বিশ্বাসপুরের অফিনা বেগম জিতেছেন সেরার পুরস্কার। তাকে সাড়ে তিন লাখ টাকা দেওয়া হয়।
রানারআপ ফরিদপুরের গোয়ালচামটের রিনা বেগম পেয়েছেন এক লাখ টাকা।
‘শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা’ ক্যাটাগরিতে জিতেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। এ প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা দেওয়া হয়।
আর ‘শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’ হিসেবে ‘ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) পেয়েছে তিন লাখ টাকা।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “আগামী বছর থেকে পুরস্কারের জন্য বাণিজ্যিক ব্যাংককেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্ষুদ্রঋণ বা ছোট আকারের ঋণ দিতে উদ্বুদ্ধ করার জন্যই বাণিজ্যিক ব্যাংককে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
তিনি বলেন, “বিশ্বমন্দার মধ্যেও দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি ধরে রাখতে পারার প্রধান কারণ হচ্ছে ক্ষুদ্র উৎপাদনকারীদের অবদান। আমাদের ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো ছোট আকারের ঋণ গ্রহীতা সৃষ্টি করছে। এক জরীপে দেখা গেছে, ক্ষুদ্রঋণ গ্রহণকারীদের মধ্যে ৮ থেকে ১০ ভাগ বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন।”
