২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় রোয়ানু: চট্টগ্রামে দুই ইপিজেডে ছুটি

ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে নিরাপত্তা কথা বিবেচনা করে চট্টগ্রামের দুটি ইপিজেডের সব কারখানায় ‍ছুটি ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 02:45 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডের ২১৩ কারখানায় শনিবার কাজ বন্ধ রয়েছে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) মহাব্যবস্থাপক (জিএম) খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড়ে শ্রমিক নিরাপত্তার দিকটি বিবেচনা করে ছুটির এই সিদ্ধান্ত।

চট্টগ্রাম ইপিজেডে মোট ১৭০টি দেশি-বিদেশি কারখানা রয়েছে জানিয়ে তিনি বলেন, “কারখানা মালিকদেরও শ্রমিক নিরাপত্তার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

কর্ণফুলী ইপিজেডের জিএম এস এম আখতার আলম মোস্তাফী জানান, সকাল ১০টার দিকে সেখানে সব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

কর্ণফুলী ইপিজেড এ চালু কারখানা রয়েছে ৪৩টি। দুর্ঘটনা এড়াতে ইপিজেড এলাকার বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

শনিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রম উপকূলের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুণ্ডু এবং ফেনী উপকূল দিয়ে উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় রোয়ানু।

বিরূপ আবহাওয়ার কারণে সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ‘অপারেশনাল কার্যক্রম’ বন্ধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম বন্দরের সব কাজও ঝড়ের কারণে বন্ধ রয়েছে।