‘বিদেশি বিনিয়োগ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ত্বরান্বিত করবে’
ই-কমার্স খাতে বড় ধরনের বিদেশি বিনিয়োগ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার ই-কমার্স খাতের জার্মান কোম্পানি ‘রকেট ইন্টারনেট’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, “রকেট ইন্টারনেটের তিন সহযোগী প্রতিষ্ঠান কেইমু, কারমুডি ও ফুড পান্ডা গত তিন বছর ধরে বাংলাদেশে বিভিন্ন শ্রেণির গ্রাহকদের সেবা দিয়ে আসছে।
“সরকার ইন্টারনেট খাতের ব্যবসাগুলো সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ডিজিটাল অ্যাক্ট নামে একটি আইন করতে যাচ্ছে, যার খসড়ায় এখন সবার মতামত নেওয়ার পর্যায়ে রয়েছে।”
তিনি বলেন, রটেক ইন্টারনেট ইউরোপেও একটি অন্যতম শীর্ষ কোম্পানি, এ ধরনের কোম্পানির সাথে দেশের কোম্পানিগুলো ব্যবসা করতে পারলে একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মনে করি।”
আলোচনায় অংশ নিয়ে ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত এইচ ই ড. থমাস প্রিঞ্জ বলেন, “বাংলাদেশের মত উদীয়মান বাজারে জার্মানি বিনিয়োগে আগ্রহী। ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়ছে এবং বাংলাদেশ এক সময় ‘টেকনোলজি হটস্পট’ হবে।”
ই-কমার্স খাতে জার্মান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্থানীয় কোম্পানিগুলোর অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।
রকেট ইন্টারনেট বাংলাদেশের উদ্যেক্তা আমরিন রেজা বলেন, তিন সহযোগি প্রতিষ্ঠান অনলাইন মার্কেট প্লেস কেইমু, বাংলাদেশে অনলাইনে গাড়ি কেনাবেচার মার্কেট প্লেস কারমুডি ও অনলাইনভিত্তিক পণ্য সরবরাহ প্রতিষ্ঠান ফুড পান্ডা ২০১৩ সালে থেকে বাংলাদেশে ব্যবসা করছে। সাতটি ভেঞ্চার এখন বাংলাদেশে কাজ করছে।”
ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, ফুড পান্ডার ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী, কেইমু’র কান্ট্রি ম্যানেজার কাজী জুলকার নাইন, কারমুডির কান্ট্রি ম্যানেজার জোয়াও পেডরো প্রিন্সিপ, বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, মাস্টার কার্ডের কান্ট্রি হেড সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন।
