বিশ্ববাজারে চালের ক্রেতা খুঁজছে সরকার: তোফায়েল
এবার ৩৮ লাখ মেট্রিকটন চাল উদ্বৃত্ত থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চাল রপ্তানির জন্য আন্তর্জাতিক বাজারে ক্রেতা খুঁজছে সরকার।
বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “এবার বাজেট হতে যাচ্ছে ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকার। খাদ্য উদ্বৃত্তের দেশ বাংলাদেশ।
“এবার ৩৮ লক্ষ মেট্রিকট্রন চাল উদ্বৃত্ত হবে। তাই চাল রপ্তানির জন্য আন্তর্জাতিক বাজারে ক্রেতা খুঁজছি, আরও খুঁজবো। ইতোমধ্যেই আমাদের সঙ্গে কিছু আন্তর্জাতিক ক্রেতা যোগাযোগ করেছে।
‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও বিশ্বে আজ ধ্রুবতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর অংশ হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তোফায়েল আহমেদ।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ‘বিস্ময়কর উত্থান’ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, “এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বেগম খালেদা জিয়া ষড়যন্ত্র শুরু করেছেন। তার এক লোক মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাত করার ষড়যন্ত্র করছে।”
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিচার হতো না বলেও মন্তব্য করেন তিনি।
“একজন নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করছেন; আর আরেকজন নেত্রী গোলযোগ সৃষ্টি করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারীদের মন্ত্রী বানানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, “খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে আমাদেরকে অপমাণিত করেছিল। আমাদের নেত্রী যুদ্ধাপরাধীদের বিচার করে আমাদেরকে কলঙ্কমুক্ত করেছেন।”
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে আওয়ামী লীগকে ধ্বংসের চক্রান্ত হয়েছিল বলেও অভিযোগ করেন তোফায়েল আহমেদ।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজ্জামেল বাবু, এসএ টিভির যুগ্ম বার্তা সম্পাদক জাহিদুর রহমান, গাজী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ইকবাল কবির নিশান, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক মনিউর রহমান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী।
