রবিতে সিম্ফনির স্বল্পমূল্যের স্মার্টফোন
মোবাইল ফোন অপারেটর রবি ও হ্যান্ডসেট কোম্পানি সিম্ফনি সম্প্রতি যৌথভাবে বাজারে এনেছে সাশ্রয়ী দামের স্মার্টফোন।
বৃহস্পতিবার রবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিম্ফনি ই১২ ও ই৫৮ স্মার্টফোন দুটি যথাক্রমে দুই হাজার ৩৯০ ও দুই হাজার ৫৯০ টাকায় পাওয়া যাবে।
এছাড়া রবি গ্রাহকরা যে কোনো একটি হ্যান্ডসেট কিনলে পাবেন ৫০০ মিনিট ফ্রি টকটাইম (যে কোনো অপারেটরে কথা বলা যাবে) এবং ৩ জিবি ইন্টারনেট ডাটা। বান্ডেল অফারের মেয়াদ ৩০ দিন।
সিম্ফনি ই১২ হ্যান্ডসেটটির স্ক্রিনের আকার ৩ দশমিক ৫ ইঞ্চি এবং ই৫৮ এর স্ক্রিন ৪ ইঞ্চি। দু’টি হ্যান্ডসেটেই রয়েছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা, এক গিগাহার্টজ সিঙ্গেল-কোর প্রসেসর ও ২৬৫ এমবি র্যাম।
হ্যান্ডসেট দুটিতে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি উপভোগ করবেন গ্রাহকরা।
রবি’র বিজনেস অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) জ্যঁ-মিশেল আর্নড শানুট বলেন, “গ্রাহকদের জন্য স্মার্টফোন কেনার ক্ষেত্রে দাম একটি অন্যতম বাধা। অন্যদিকে স্মার্টফোনের ব্যবহার স্বল্পতার কারণে ইন্টারনেট ব্যবহারের বৃদ্ধিও বাধাগ্রস্ত হচ্ছে।
“এ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই রবি সিম্ফনির সাথে যৌথভাবে বাজারে এনেছে এই স্মার্টফোন দুটি। আমাদের বিশ্বাস, এর ফলে সমাজের সব স্তরে ইন্টারনেট পৌঁছে যাবে।”
সিম্ফনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, “আমরা সমসময়ই গ্রাহকদের সন্তুষ্টির জন্য নতুন নতুন দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী হ্যান্ডসেট বাজারে আনি। দুটি ভিন্ন মডেলে রবি’র সাথে যৌথভাবে থ্রিজি স্মার্টফোন বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, আকর্ষণীয় দুটি স্মার্টফোনে প্রযুক্তিপ্রেমী গ্রাহকরা আকৃষ্ট হবেন।”
