মজুদ পর্যাপ্ত, রোজায় দাম ‘বাড়বে না’
পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকার কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আগামী রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে তারা মনে করছেন।
প্রয়োজনে বাজারে ‘হস্তক্ষেপের’ কথা জানিয়ে তারা বলছে, এজন্য যে পরিমাণ পণ্যের মজুদ থাকতে হয় তা তাদের হাতে রয়েছে।
রোজা সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা’ সভায় এসব বলা হয়।
বাজার নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “এমন কোনো সংবাদ পরিবেশন না করি, যাতে বাজারে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে।”
তিনি বলেন, রোজায় সরকারের পক্ষ থেকে সারা দেশে ১৭৪টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে।
“স্বাভাবিকভাবে আমরা একটু কমে বিক্রি করব। তার মানে এটা নয়, আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। আপনাদের আমদানি করতে হয়। ডিউটি দিতে হয়।”
বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সুমতি চেয়ে তোফায়েল আহমেদ বলেন, “দুই বছরের বেশি সময় দুইটা রোজার ঈদ পেয়েছি। দুইটা কোরবানির ঈদ পেয়েছি। বাজার স্বাভাবিক রাখবেন বলে আপনারা কথা দিয়েছিলেন। সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবারও যেন মানুষ ভালোভাবে থাকতে পারে।
“একটা পণ্যের দাম বেশি হতে পারে, তখন যখন সরবরাহ চাহিদার তুলনায় কম থাকে। আমরা এতক্ষণ মূল্যায়ন করলাম, আমাদের কোনো পণ্যই চাহিদার থেকে কম নাই, বরং বেশি আছে।”
রোজা সামনে রেখে ছোলার দাম চড়ছে। গেল দুই সপ্তাহে কেজি প্রতি ২০ টাকা বেড়েছে এর দাম।
তবে পণ্যটির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “ছোলার চাহিদা ৬০ হাজার মেট্রিক টন। আমাদের মজুদ আছে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন। রোজা চলে গেলে এই পণ্য আপনারা কীভাবে বিক্রি করবেন? ডাল করে বিক্রি করতে হবে।”
চিনি আমদানিতে শুল্ক বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “চিনির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে দাম একটু বেশি, তাই এখানে দাম একটু উঠানামা করছে। আমাদের দেশীয় চিনি শিল্পকে সংরক্ষণের প্রয়োজন আছে, নয়ত চিনির কলের শ্রমিকরা বেকার হয়ে যাবে।”
আলোচনার এক পর্যায়ে চট্টগ্রামের এক ব্যবসায়ী লবণ আমদানির অনুমতি চেয়ে বলেন, সরকার সে অনুমতি দিলে প্যাকেট লবণ কেজিপ্রতি দাম ৮-৯ টাকা কমে বাজারে দেওয়া যাবে।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “লবণ আমদানি করতে পারি, কিন্তু তাতে আমাদের দেশের চাষীরা ক্ষতিগ্রস্ত হয়। অনেক বছর লবণে তারা তেমন কোনো সুযোগ-সুবিধা পান নাই। এইবার হয়ত বা তারা কিছুটা দাঁড়াতে পারবে।”
জ্যেষ্ঠ বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, দেশে বর্তমানে ১৮ লাখ ৬১ হাজার টন চাল উদ্বৃত্ত আছে। গমের অবস্থাও একই।
বছরে ভোজ্য তেলের চাহিদা ১৫ লাখ টন, সেখানে এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ১৮ লাখ ২৫ হাজার টন। গত বছরের রয়ে যাওয়া মিলিয়ে এখন চিনি আছে ২২ লাখ টনের মতো, যেখানে ১৪ থেকে ১৫ লাখ টন চিনির চাহিদা রয়েছে।
বাণিজ্য সচিব জানান, মসুর ডালের চাহিদা ৩ লাখ ৭৫ হাজার টন, সেখানে দেশে উৎপাদিত হয়েছে ২ লাখ ৬০ হাজার টন। আর আমদানি করা হয়েছে ২ লাখ টন।
“ছোলার চাহিদা ৬০ হাজার টন, আমাদের উৎপাদিত হয় ৭ হাজার টনের মতো। গত অর্থ বছরে ৩ লাখ ৫৫ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। এ বছর ২ লাখ ৬৫ হাজার মেট্রিক টন প্রবেশ করেছে। বিপুল পরিমাণ বাড়তি মজুদ রয়েছে।”
খেজুরের চাহিদা ১৩ হাজার মেট্রিক টন, সেখানে এরইমধ্যে ২৭ হাজার মেট্রিক টন দেশে প্রবেশ করেছে বলে জানান তিনি।
তিনি বলেন, পেঁয়াজের ক্ষেত্রে ২২ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে দেশে উৎপাদিত হয়েছে ১৭ লাখ মেট্রিক টন। আর বিদেশ থেকে এসেছে ৬ লাখ মেট্রিক টন।
রসুনের ক্ষেত্রে ৫ লাখ টনের চাহিদা আছে। দেশে ৪ লাখ ৬৫ হাজার টন উৎপাদিত হয়েছে। এছাড়া ৪০ হাজার টন আমদানি হয়েছে।
এর বাইরে আমদানির জন্য আরও এলসি খোলা হয়েছে জানিয়ে সচিব বলেন, সেগুলো আনা হলে রসুনের কোনো ঘাটতি থাকবে না।
“আদার ক্ষেত্রেও তাই, হলুদের ক্ষেত্রেও।”
সচিব বলেন, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ আছে। তাই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নাই।
“মূল্য বৃদ্ধির বিষয়ে আমাদের মনিটরিং সিস্টেম অত্যন্ত জোরদার আছে। বাজার ইন্টারভেনশনের জন্য যে পরিমাণ প্রয়োজন, সে পরিমাণ ছোলা, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি টিসিবির কাছে মজুদ আছে। চিনি শিল্প সংস্থার কাছেও চিনি মজুদ আছে।”
দাম ‘কমবে’ খেজুরের
অনুষ্ঠানে বক্তব্যে খেজুরের দাম কমবে বলে আশা প্রকাশ করেন ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এবারের রোজায় ক্রেতারা গত বছরের চেয়ে কম দামে খেজুর পাবেন জানিয়ে ঢাকার বাদামতলীর এই ব্যবসায়ী বলেন, কারণ ইরাক-ইরানে উৎপাদন বেশি ছিল, দাম কম ছিল, আমদানি পর্যাপ্ত পরিমাণে হয়েছে।
“আমরা গত বছরের তুলনায় ১০ হাজার মেট্রিক টন বেশি আমদানি করেছি। ইরাক থেকে যেটা আমদানি করেছি, এটা ৪৫ থেকে ৬০ টাকা কেজিতে আমরা বিক্রি করতে পারব। আর সংযুক্ত আরব আমিরাত থেকে যে খেজুর আমদানি করি, এটা ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করতে পারব।”
বাদামতলীর ব্যবসায়ীরাই বাংলাদেশের চাহিদার ৭৫ থেকে ৮০ ভাগ খেজুর আমদানি করে বলে জানান সিরাজুল।
সংযমের আহ্বান মন্ত্রীর
বাজার ঠিক থাকবে আশা প্রকাশ করার সঙ্গে বাণিজ্যমন্ত্রী রোজার মাসে সংযমী হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের উদ্দেশে তিনি বলেন, “ব্যাপকভাবে আপনাদের টিম পরিচালনা করবেন, যাতে কোনো অসাধু ব্যবসায়ী অসৎ পথে গিয়ে মানুষের ভোগান্তি যেন সৃষ্টি না করে। অপরদিকে যারা ব্যবসায়ী তারা যেন অহেতুক হয়রানির শিকার না হয়।”
রোজায় পণ্যমূল্য বাড়ার পেছনে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি এবং পরিবহণ ব্যয় বৃদ্ধির বিষয়ে এক ব্যবসায়ী মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রী এই বিষয়ে সড়ক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সুদ নামে এক অঙ্কে, আশা মাতলুবের
অনুষ্ঠানে ব্যবসা ঠিক রেখে পণ্যের মূল যথাসম্ভব কম রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। একইসঙ্গে তিনি বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারের পাশে থাকার অঙ্গীকার করেন।
মাতলুব বলেন, “আমাদের ইনফ্লাশন রেট কিন্তু এখন অনেক কম। কম কারণেই আমরা সুদের হার কমানোর জন্য চাপ দিতে পারছি। আজকে যারা বড়রা (বড় ব্যবসায়ীরা) আছে, প্রত্যেকের ১০’র (১০ শতাংশ সুদের হার) নিচে পাচ্ছে।
“ছোটদের জন্য আমরা চেষ্টা করছি। আগামী তিন-চার মাসের মধ্যে আমরা সবার জন্য সিঙ্গেল ডিজিটে ব্যাংক সুদের হার আনতে পারব।”
