মেটলাইফের বিমা সুবিধা পাবেন ইবিএল ডাইনার্স কার্ডধারীরা
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ‘ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল’ ক্রেডিট কাডধারীদের জীবন ও স্বাস্থ্য বিমা সুবিধা দেবে মেটলাইফ ।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এবিষয়ে একটি চুক্তি হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং মেটলাইফের রিজিওনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ, নেপাল, মিয়ানমার অঞ্চলের প্রধান মো. নুরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবিএলের ডাইনার্স ক্লাব ক্রেডিট কার্ডধারীদের ১০ লাখ টাকা পর্যন্ত জীবন বিমা এবং ১০ লাখ টাকা দুর্ঘটনাজনিত মৃত্যুবিমা সুবিধা দেবে মেটলাইফ।
এছাড়াও ক্রেডিট কার্ডধারীরা দৈনিক এক হাজার টাকা ইন-হসপিটাল ক্যাশ বিমা সুবিধা পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগের প্রধান নাজিম আনোয়ার চৌধুরী, হেড অফ ডাইরেক্ট বিজনেস এম খোরশেদ আনোয়ার, মেটলাইফ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা সৈয়দ হাম্মাদুল করিম উপস্থিত ছিলেন।
