২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস বাংলার প্রথম আন্তর্জাতিক ফ্লাইটেই বিপত্তি

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে এসেছে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

এয়ারলাইন্সটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে উড়োজাহাজটি ফিরে এসেছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা শেখ সাদি শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রবিবার বিকেল ৩টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা করেছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজ।

“নেপাল বিমানবন্দরে পৌছার পর সেখানকার খারাপ আবহাওয়ার কারণে বিমানটি অবতরণ করতে পারেনি।”

তিনি জানান, সেখানে বিমানটি বেশ কিছুক্ষণ ঘুরে অবতরণের চেষ্টা করেছিল। তবে ওই বিমানবন্দরের কর্মকর্তারা সবুজ সংকেত না দেওয়ায় ঢাকায় ফিরিয়ে আনা হয়।

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের এই প্রথম ফ্লাইটে ৭৬ জন যাত্রী ছিলেন।

শেখ সাদি শিশির বলেন, “নেপালের বিমানবন্দরের আবহাওয়া ভাল হওয়ার খবর পেলে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি আবারও নেপালের উদ্দেশে যাত্রা করবে।”

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (রোববার) আন্তর্জাতিক রুটের কোনো ফ্লাইটই খারাপ আবহাওয়ার কারণে নেপালে অবতরণ করতে পারেনি। আমরা কিছুক্ষণের মধ্যে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ছি।”