বাণিজ্য বাধা কাটাতে বাংলাদেশ-নেপালে মতৈক্য
বাণিজ্য বাধা কাটাতে একমত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও নেপাল।
মঙ্গলবার ঢাকায় প্রতিবেশী দেশ দুটির বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে এই সংক্রান্ত একটি চুক্তি সইয়ের পাশাপাশি বেশ কিছু পণ্যে পরস্পরকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এবং নেপাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেট্রোলজির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের তৃতীয় বৈঠকের দ্বিতীয় দিনে এই চুক্তি হয়।
বাংলাদেশ নেপালকে ১০০টির মতো পণ্যে এবং নেপাল বাংলাদেশকে ৫০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বলে বৈঠকে মতৈক্য হয়েছে।
বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “এক দেশের পণ্য অন্য দেশে রপ্তানির ক্ষেত্রে ওই দেশের মানদণ্ডে বিবেচনা করতে হয়। এই চুক্তি না থাকার ফলে এক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এখন সেই বাধা দূর হবে।
“এটা বাস্তবায়ন হলে বিএসটিআই’র সনদ থাকলে নেপালে নতুন করে ওই পণ্যের মান নির্ণয়ের প্রয়োজন হবে না। অন্য নেপালের স্ট্যান্ডার্ড ব্যুরোর সনদ থাকলে বাংলাদেশেও মান নির্ণয়ের দরকার পড়বে না।”
বাংলাদেশ-নেপালের মধ্যে ট্রানজিট কার্গো পরিবহনের পদ্ধতি নির্ধারণ, উভয় দেশের পণ্য আমদানিতে পারস্পরিক শুল্ক সুবিধা প্রদান, কাকরভিটা-পানিট্যাংকি-ফুলবাড়ী বাণিজ্য পথ পুরোপুরি চালু, রেল যোগাযোগ স্থাপন (রোহনপুর-সিংবাদ রেলপথ ব্যবহার করে নেপালে পণ্য পরিবহন করা), পরস্পরের বাণিজ্য মেলায় অংশগ্রহণ, দুই দেশের মধ্যে সমন্বিত পর্যটন শিল্পের প্রসার, নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ, ওষুধ পণ্যের নিবন্ধন পদ্ধতি সহজীকরণ, সরকারি পর্যায়ে অত্যাবশ্যকীয় পণ্য সরাসরি ক্রয়-বিক্রয় সম্পর্কিত সমঝোতা স্মারক করা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
নেপালের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, “নেপাল বাংলাদেশের কাছে ১০০টির মতো পণ্য শুল্কমুক্ত সুবিধা চেয়েছে। আমরা সেটা গ্রহণ করেছি। আমাদেরকে তারা ৫০টি আইটেম শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
বাণিজ্য সচিব বলেন, “শুল্কমুক্ত সুবিধার এই বিষয়ে ঐকমত্য হয়েছে। আরও আলাপ-আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নেপালে উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশে আমদানির সম্ভাবনার কথাও বলেন তিনি।
“আবার স্থলবেষ্টিত নেপালের বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক ও রেল ট্রানজিটের মাধ্যমে পণ্য আমদানিতে উৎসাহ রয়েছে।”
বাণিজ্য সচিব বলেন, সেনেটারি ও ফাইটো সেনেটারি বিষয়ে পৃথক একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।
বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নেপালে ভিসা সহজ করা এবং নেপালি নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে স্থলবন্দরে ‘অন এরাইভাল’ ভিসা ইস্যুর বিষয়েও সভায় আলোচনা হয়েছে।
উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগুলো সমাধান করা হবে বলে জানান বাংলাদেশের বাণিজ্য সচিব।
যৌথ সংবাদ সম্মেলনে নেপালের বাণিজ্য নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায় বলেন, “বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠেছে। এটা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করবে।”
নেপালে ভূমিকম্পের পর ‘অর্থবহ’ সহায়তা দেওয়ার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নেপালের সচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নয় সদস্য। অন্যদিকে ১৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০১৪-১৫ অর্থবছরে নেপালে ২৫ দশমিক শূন্য ৫ মিলিয়ন ডলার বাংলাদেশি পণ্য রপ্তানি হয়। অন্যদিকে বাংলাদেশে নেপালি পণ্য আমদানি হয় ১১ দশমিক ৫ মিলিয়ন ডলারের।
গত বছরের ১৫ জুন থিম্পুতে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচলে মোটরযান চুক্তি সই হয়। আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে এই চুক্তির প্রসঙ্গও সভায় উভয়পক্ষ থেকে উঠে আসে।
সোমবার এই বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে হেদায়েতুল্লাহ আল মামুন বলেছিলেন, “আমাদের বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। অনেক কারণেই এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, যার একটি হলো যথাযথ কানেক্টিভিটির অভাব। এই আলোচনায় সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।”
অন্যদিকে অশুল্ক বাধার কারণে নেপালের অনেক পণ্য বাংলাদেশে আসতে পারছে না উল্লেখ করে তা দূর করার আহ্বান জানিয়েছিলেন নেপালের বাণিজ্য সচিব নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়।
