শুরু হল ‘তোমার গল্পে সবার ঈদ’
টেলিভিশন নাটকের জন্য নতুন গল্প নিয়ে আসার লক্ষ্যে শুরু হয়েছে ‘ড্রিংকইট তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতা।
বুধবার রাজধানীর সেভেন হিল রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে আরএফএল-এর পানি বিশুদ্ধকরণ উপকরণ ‘ড্রিংকইট’ এবং বৈশাখী টেলিভিশনের এই যৌথ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
প্রতিযোগিতায় সারাদেশের তরুণ ও নবীন গল্পকারদের থেকে পাওয়া গল্প থেকে পাঁচটি সেরা গল্প অবলম্বনে নাটক নির্মাণ করে প্রচার করা হবে বলে জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবির।
সংবাদ সম্মেলনে ‘তোমার গল্পে সবার ঈদ’ উদ্যোগের এই প্রধান জানান, আগামী ২৪ মে তারিখের মধ্যে ১০০০ শব্দের পরিসরে গল্প পাঠানো যাবে। এরপর সেখান থেকে তিন ধাপে বাছাই করা পাঁচটি নাটক থেকে প্রতিষ্ঠিত পরিচালকরা চিত্রনাট্য তৈরি করে নাটক নির্মাণ করবেন।
সেগুলো ঈদের প্রথম পাঁচদিন রাত ১০টা ৩৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার করা হবে জানিয়ে আহসান কবির বলেন, সেরা পাঁচ গল্পের জন্য প্রতিযোগীরা ৫০ হাজার টাকা করে পুরস্কার পাবেন।”
“পঞ্চমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার শিরোনাম ‘লেখো গল্প, হও নাট্যকার’। এবার গল্পের থিম হাসির নাটক।”
তিনি বলেন, “টেলিভিশনে কনটেন্টের অভাবের সময়ে একদম তৃণমূল থেকে নাটকের গল্প নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ। চতুর্থ আসরে ১২ হাজার গল্প জমা পড়েছিল। চারবারের বিজয়ী ২৫জনের মধ্যে অন্তত ৮জন এখন দেশে নাটক নির্মাণের পেছনে কাজ করছেন।”
ডাকযোগে গল্প পাঠানোর ঠিকানা- ‘তোমার গল্পে সবার ঈদ’, বৈশাখী টেলিভিশন, ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২। এছাড়া sopnopuron@boishakhi.tv ই-মেইলেও গল্প পাঠানো যাবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরএফএল প্লাস্টিকসের প্রধান বিপনন কর্মকর্তা আরাফাতুর রহমান, প্রতিযোগিতার সহযোগী প্রতিষ্ঠান পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের গণমাধ্যম প্রধান সুজন মাহমুদ, বৈশাখী টেলিভিশনের বিপণন প্রধান সজল সাহা ও অনুষ্ঠান উপ-প্রধান জাহিদ হাসান শোভন বক্তব্য দেন।
