রপ্তানি আয় ৩৫ বিলিয়ন ডলার ছাড়ানোর আশায় বাণিজ্যমন্ত্রী
চলতি অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে নেপালের বাণিজ্য সচিব নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়ার সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এই আশাবাদ প্রকাশ করেন।
তোফায়েল সাংবাদিকদের বলেন, “আমাদের রপ্তানি এবার ৩৫ বিলিয়ন (ডলার) হবে বলে আমরা আশা করি। আমরা ৩৩ পয়েন্ট ৫ বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। এই লক্ষ্য অতিক্রম করে ৩৪ এর বেশি হবে, ৩৫ এর কাছাকাছি হবে বলে আমি আশা করি।”
এই আশার ভিত্তি হিসেবে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন তিনি।
“আমাদের তৈরি পোশাকে মার্চ পর্যন্ত ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের প্রবৃদ্ধি ১০ শতাংশের মতো। এই হিসাবে আগে ৩২ বিলিয়নের কাছাকাছি ছিল। ১০ শতাংশ বাড়লে ৩ বিলিয়ন বাড়বে। আমরা আশা করি, ৩৫ বিলিয়নে চলে যাব।
“এটা কোনো স্বল্পোন্নত দেশের নেই। এমনকি অনেক উন্নয়নশীল দেশেরও এত নাই। শ্রীলঙ্কা, কেনিয়ারও এত রপ্তানি নেই,” বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের সমৃদ্ধি স্বল্পোন্নত অন্য দেশগুলোর চেয়ে ভালো হলেও জনসংখ্যার আধিক্যের কারণে ‘এলডিসি’ দেশ ধরা হয়।
“আমাদের রিজার্ভ সকলের চেয়ে বেশি। ২৯ বিলিয়ন ডলারের বেশি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ছাড়া অন্যদের মধ্যে আমাদের রেমিটেন্স সবচেয়ে বেশি। অথচ নেপালও এলডিসি, আমরাও এলডিসি।”
বাংলাদেশ-নেপালের মধ্যে দুই দিনব্যাপী বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের মধ্যে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নেপালের বাণিজ্য সচিব।
তোফায়েল বলেন, নেপাল বাংলাদেশের কাছে ১০০টির মতো পণ্যে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে।
“আমরা সেটা গ্রহণ করেছি। আমাদেরকেও তারা ৫০টি আইটেম শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
আন্তঃযানচলাচল (মটর ভেহিকল) চুক্তি বাস্তবায়িত হলে নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আরও বাড়বে বলেও মনে করেন তোফায়েল।
