২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম ব্যাংকিং: নিরাপদ তথ্য প্রযুক্তি ব্যবহারের পরামর্শ

এটিএম ব্যাংকিংয়ের ক্ষেত্রে ‘মানসম্মত ও নিরাপদ’ তথ্য প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই খাতের বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 08:29 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিডিয়া ইনস্টিটিউট ফর স্কিল ডেভেলপমেন্ট (এমআইএসডি) আয়োজিত ‘এটিএম ব্যাংকিং: তথ্য প্রযুক্তি ও গ্রাহকদের নিরাপত্তা' শীর্ষক এক আলোচনায় এই পরামর্শ এসেছে।

আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, এটিএম ব্যাংকিংয়ের জালিয়াতি বন্ধ করতে হলে প্রথমেই দেশে যে সমস্ত এটিএম মেশিন বসানো হয়েছে প্রতিটির বিষয়ে তদন্ত করতে হবে। এর কতটি বৈধভাবে আনা হয়েছে। ট্যাক্স দেওয়া হয়েছে কিনা। বিভিন্ন দোকান, হোটেলগুলোতে যে এটিএম পস মেশিন ব্যবহার করা হচ্ছে এসবের উপরও নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি এটিএম খাতে অবকাঠামোগত উন্নয়নও বাড়াতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী।

এতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এটিএম ব্যাংকিংয়ের জালিয়াতির ঘটনা কম হলেও এই খাতের মানবসম্পদ প্রয়োজনের তুলনায় অনেক কম। আর এটিএম খাতটি সরাসরি আইসিটি নির্ভর হওয়ার কারণে আইসিটি ক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তুলতে হবে।

আলোচনায় অংশ নেন সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার ও অর্থ সম্পাদক মুহাম্মদ মাইনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহ জিয়াউল হক, ডিবিএল গ্রুপ সিটিও সেহরুল হক জোয়ারদার, ন্যাশনাল ডাটা সেন্টারের পরিচালক তারেক বরকত উল্লাহ, আইসিটি বিভাগের কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার, দৈনিক ইত্তেফাকের বিজনেস এডিটর জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইএসডির প্রেসিডেন্ট গোলাম শাহানি।