২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে যাত্রাপথে আয়ের পথ দেখাবে ‘স্যাম’

মোটরসাইকেল মালিকরা (বাইকার) ব্যক্তিগত কাজে নিজের গন্তব্যে যাওয়ার পাশাপাশি একই গন্তব্যের কোনো যাত্রীকে (রাইডার) পৌঁছে দিয়ে অর্থ উপার্জন করতে পারেন- এমন একটি মোবাইল অ্যাপ নিয়ে এসেছে ডাটাভক্সসেল লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 01:02 AM

Updated : 11 Oct 2022, 08:12 PM

‘স্যাম’ তথা ‌‘শেয়ার এ মোটরসাইকেল’ নামের এই মোবাইল অ্যাপের মাধ্যমে নতুন ধরনের এই ব্যবসার শুরুর ঘোষণা এসেছে তথ্যপ্রযুক্তি খাতের এই প্রতিষ্ঠানটি থেকে।

শনিবার ঢাকার গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে স্যাম মোবাইল অ্যাপটি কিভাবে কাজ করবে তার বিস্তারিত তুলে ধরা হয়।

সম্মেলনে বলা হয়, এই মোবাইল অ্যাপটির মাধ্যমে ঢাকা শহরে থাকা চার লাখেরও বেশি ব্যক্তিগত মোটরসাইকেলের মাধ্যমে প্রতিদিন চার লাখের বেশি যাত্রী পরিবহন করা সম্ভব।

নির্মাতাদের ভাষ্য, বাইকার ও রাইডার স্যাম অ্যাপ্লিকেশন ব্যবহার করে একই গন্তব্যে পৌঁছাতে পারবে। যাত্রীরা তাদের টাকাও পরিশোধ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তাই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ।

যেভাবে কাজ করে ‘স্যাম’

যাত্রীকে (রাইডার) তার অ্যানড্রয়েড মোবাইল ফোনে ‘রাইডার অ্যাপ’টি ইনস্টল করতে হবে। ঠিক একইভাবে মোটরসাইকেল মালিক তথা বাইকার্সরা ‘স্যাম বাইকার’ অ্যাপ তাদের অ্যানড্রয়েড ডিভাইসে ইনস্টল করবেন।

বাইকার ও রাইডারের মোবাইল ফোনে অ্যাপটি একবার ইনস্টল হয়ে গেলে এতে লগ ইন করে রাইডার তার যাত্রার জন্য একটি অনুরোধ পাঠাতে পারবে, যা রাইডারের দুই কিলোমিটার এলাকার মধ্যে থাকা সব বাইকারের কাছে পৌঁছে যাবে।

একই গন্তব্য অভিমুখী বাইকার রাইডারের অনুরোধটি গ্রহণ করতে পারবেন এবং এগিয়ে গিয়ে রাইডারকে তুলে নিয়ে যাত্রা শুরু করবেন।

অ্যাপের একটি মাইলেজ মিটার দূরত্ব নির্ধারণ করবে এবং সে অনুযায়ী বিল হবে। বিল স্বয়ংক্রিয়ভাবে স্যাম অ্যাপসের ই-ওয়ালেটের মাধ্যমে পরিশোধিত হবে; নগদ টাকা লেনদেনের প্রয়োজন নেই।

একটি রাইডের অনুরোধ করা অথবা একটি রাইড অনুমোদন করার আগে রাইডার ও বাইকার একে অন্যের সম্পর্কে জেনে নেওয়ার সুযোগ পাবেন।

নিরাপত্তার কারণে রাইডার ও বাইকারের সব তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করবে সেবাদাতা প্রতিষ্ঠান ডাটাভক্সসেল।

রাইডের অনুরোধ করা এবং অনুরোধ গ্রহণ করার সময় বাইকার ও রাইডার একে অন্যের মধ্যে কিছু তথ্য আদান-প্রদান করতে পারবে। এভাবে বাইকার ও রাইডার দুজনেই যাত্রাসঙ্গী সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু বাংলাদেশি ও ভারতীয় প্রকৌশলীদের দ্বারা তৈরি অ্যাপটি প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য হলেও আগামী মাসের মধ্যে অ্যাপটি আইফোন ব্যবহারকারীদের জন্যও প্রস্তুত হয়ে যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এতে ডাটাভক্সসেলের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ কাসেম বলেন, “এই প্রকল্পটি সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। ”

ভবিষ্যতে ডাটাভক্সসেল লিমিটেড এই স্যাম সার্ভিসের মাধ্যমে পার্সেল এবং ওষুধ সরবরাহ করবে বলেও জানান তিনি।

ডাটাভক্সসেল এর সাথে কৌশলগত সহযোগী হিসেবে থাকছে ওমেরা, রহিমআফরোজ, বিকাশ, গ্যাটকো এবং অলওয়েজ অনলাইন নেটওর্য়াক।

সম্মেলনে অন্যদের মধ্যে ডাটাভক্সসেলের মহাব্যবস্থাপক খালিদ বিন সালাম এবং জনসংযোগ পরিচালক এফ জেড হাসান উপস্থিত ছিলেন।