সাবেক নেতাদের সংবর্ধনা দিল বিজিএমইএ
বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সাবেক চার নেতাকে সংবর্ধনা দিয়েছে পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।
শনিবার রাতে বিজিএমইএ ভবনের অ্যাপারেল ক্লাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা পেলেন যারা- ডিএনসিসির মেয়র আনিসুল হক, এফবিসিসিআই’র ১ম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোশিয়েশনের সভাপতি একে আজাদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সালাম মূর্শেদী।
বিজিএমইএর এই সাবেক চার সভাপতির হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাকখাত থেকে রপ্তানি আয় সরকারের পরিকল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। জিডিপিতে শিল্পের অবদান দিন দিন বাড়ছে। এই খাতের সুরক্ষায় সরকারের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
এই খাতের উন্নয়নে ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, পোশাকখাতে ভ্যাট সম্পর্কে আরও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসায়ীদের মতের বাইরে কোনো অবস্থাতেই অতিরিক্ত ভ্যাট চাপিয়ে দেওয়া যাবেনা।
“অনেক ব্যবসায়ী আছেন বিদেশি পণ্য আমদানি করে মজা পান। এই অভ্যাসটা দেশীয় শিল্প-কারখানা ও অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর,” বলেন তিনি।
একে আজাদ বলেন, বড় বড় ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য কিনতে এখন নতুন করে শর্ত জুড়ে দিচ্ছেন।যেসব ব্যবসায়ীর বিদেশে বিনিয়োগ আছে তাদের সঙ্গে তারা ব্যবসা করতে চাচ্ছেন।বিষয়টি নিয়ে নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে হবে।
পোশাকখাতে কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছেনা দাবি করে তিনি বলেন, “পোশাক খাতে চীনের চারশ বিলিয়ন ডলারের বাজার ধীরে ধীরে ছোট হয়ে আসছে। কিন্তু এসব শিল্প কারখানা বাংলাদেশে না এসে চলে যাচ্ছে অন্য দেশে। যেসব সমস্যার কারণে সম্ভাবনাময় বাজার ধরা যাচ্ছে না তা নিয়েও সরকারকে ভাবতে হবে।”
“আগামী বাজেটে করের বোঝা আরও কমাতে হবে। নীতি সহায়তা আরও বাড়াতে হবে। নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সহায়তা দিতে হবে। জাতীয় গ্রিডে নতুন করে যদি কোনো বিদ্যুৎ যুক্ত হয় সেখান থেকে ২৫ শতাংশ শিল্প কারখানার জন্য নির্ধারণ করতে হবে,” বলেন এই কারখানা মালিক।
এফবিসিসিআই’র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দিনে দিনে পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়ছে। একদিকে অ্যাপারেলের দাম কমছে অন্য দিকে উৎপাদন খরচ বাড়ছে।
ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, “প্রতিমুহূর্তেই সংগ্রাম করে পোশাক শিল্প খাতে আমরা বেড়ে উঠেছি। সেই অভিজ্ঞতা নগর পরিচালনায় কাজ দিচ্ছে।
“আগামী চার বছরের মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে আমূল পরিবর্তন নিয়ে আসব। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।”
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আনিসুর রহমান সিনহা, মোস্তফা গোলাম কুদ্দুস, আনোয়ার-উল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সংবর্ধনার শেষে অতিথিদের জন্য ছিল সাংস্কৃতিক সন্ধ্যা।
