শিল্পখাতে রাষ্ট্রপতি পদক ভূষিত দুই প্রতিষ্ঠানকে সম্মাননা
অর্থনীতিতে অবদান রেখে শিল্পখাতে রাষ্ট্রপতি পদক পাওয়ায় চট্টগ্রামের দুই শিল্প প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।
শনিবার নগরীর চট্টগ্রাম ক্লাবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও বিএসআরএমকে এ সম্মাননা দেওয়া হয়।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাখাওয়াত হোসেন ও বিএসআরএম’র পক্ষে সম্মাননা নেন আমীর আলী, যিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন।
অনুষ্ঠানে বক্তারা ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে ঢাকার কেন্দ্রীভূত ক্ষমতায়নের বিকেন্দ্রীকরণ ও ব্যাংকের ঋণের সুদের হার কমাতে নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবদুল করিম বলেন, চট্টগ্রাম থেকে যেভাবে সরকারি সংস্থার সদর দপ্তরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে তা ব্যবসাবান্ধব সিন্ধান্ত নয়।
ব্যবসা-বাণিজ্যে গতি আনতে তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপর গুরুত্ব দেন।
“কোস্টগার্ডের সদর দপ্তর ঢাকায় এটা তো যুক্তিসংগত না। আমি মুখ্যসচিব থাকাকালে একবার চেষ্টা করেছিলাম কোস্টগার্ডের সদর দপ্তর চট্টগ্রামে নিয়ে আসতে কিন্তু সফল হইনি।”
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, অর্থনীতির স্বার্থে ব্যাংকের সুদের হার কমাতে হবে। বাংলাদেশে ব্যাংকের সুদের হার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ।
পাশাপাশি তিনি ব্যবসায়ীদেরকেও ‘এথিকস’ মেনে চলার পরামর্শ দেন।
আইবিএফবি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়বের সঞ্চালনায় অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইবিএফবি’র কেন্দ্রীয় সভাপতি হাফিজ আহমদ খান ও চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক।
