‘ওয়াওবক্স’ নতুন রূপে
গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের তৈরি অ্যান্ড্রয়েডভিত্তিক লাইফস্টাইল অ্যাপ্লিকেশন ‘ওয়াওবক্স’ নতুন ডিজাইন এবং ভিন্ন মাত্রার ফিচার নিয়ে এসেছে বাংলাদেশের গ্রাহকদের জন্য।
বুধবার ঢাকার লেইক শোর হোটেলে নতুন ওয়াওবক্স এর আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।
গ্রামীণফোনের গ্রাহকরা ওয়াওবক্সে গ্রামীণফোনের সব পণ্যের হালনাগাদ খবর, বিভিন্ন দোকানে ছাড়ের তথ্য, লাইফস্টাইলভিত্তিক খবর ও প্রতিবেদন, প্রতিযোগিতা এবং গেইম পাবেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান বলেন, “গত বছরের মে মাসে ওয়াওবক্স চালু হবার পর তা বাংলাদেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত ৩০ লাখ মানুষ এটি ব্যবহার করেছেন এবং আমরা এবার অ্যাপটিকে গ্রাহকদের জন্য আরো বেশি দৃষ্টি-নন্দন ও সহজে ব্যবহারযোগ্য করে সাজিয়েছি, যা আমাদের ব্যবসায়িক সহযোগীদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে।”
টেলিনর গ্রুপ বাংলাদেশের জন্য বিনামূল্যের এই অ্যাপটি তৈরি করেছে।
এ বিষয়ে টেলিনরের প্রোডাক্ট এ্যান্ড ইনোভেশন ইউনিটের হেড অব ওয়াওবক্স হোজার হাসম্যান বলেন, “সর্বমোট তিন মিলিয়ন ওয়াওবক্স ব্যবহারকারীর মধ্যে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন ব্যবহারকারী নিয়মিত অ্যাপটি ব্যবহার করে, যা প্রতিনিয়ত ওয়াওবক্সকে উন্নত করার প্রচেষ্টার ফলাফল।
“নতুন সংস্করণে আমরা আরো উপভোগ্য করে সাজিয়েছি ওয়াওবক্স অ্যাপকে। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ওয়াওবক্স একটি কার্যকরী মাধ্যম এবং আমরা নিশ্চিত যে তারা এর নতুন রূপ এবং বর্ধিত সুবিধা উপভোগ করবেন।”
ব্যবহারকারী ও ব্যবসায়িক সহযোগীদের সুবিধার্থে ওয়াওবক্স নিয়মিত ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকে।
ক্যাম্পেইনের আওতায় থাকে ওয়াওবক্স ক্যাম্প ইভেন্টে ঢাকার বাইরে ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে ঘুরতে যাওয়া, জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশারের সঙ্গে ক্রিকেট বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ, টেড বক্তাদের সঙ্গে প্রেজেন্টেশন কৌশল শেখার মতো সুযোগ।
