পুঁজিবাজারে না এলে বিদেশি ব্যাংকের কর বাড়ান: আইসিএমএবি
বিদেশি ব্যাংকগুলো দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে তাদের আয়কর বাড়ানোর সুপারিশ করেছে ব্যয় ও ব্যবস্থাপনা হিসাববিদদের সংগঠন আইসিএমএবি)।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি আরিফ খান এই প্রস্তাব তুলে ধরেন।
এনবিআরের সদস্য (আয়কর নীতি) ইকবাল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন কার্যকর করার সময় আরও ৬ মাস বাড়ানোর প্রস্তাবও দেন তিনি।
বিদেশি ব্যাংকের করহার বাড়ানোর প্রস্তাব দিয়ে আরিফ বলেন, “বর্তমানে বিদেশি ও দেশীয় ব্যাংককে একই স্তরে করপোরেট কর দিতে হয়- এটা যুক্তিসঙ্গত নয়।
“কারণ দেশীয় ব্যাংকগুলো পুঁজিবাজারের তালিকাভুক্ত হলেও বিদেশি ব্যাংকগুলোর পুঁজিবাজারের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তাই পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে বিদেশি ব্যাংকের আয়কর সাড়ে ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার প্রস্তাব করছি।”
“পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় এসব ব্যাংকের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হচ্ছে না। তাই দেশীয় ও বিদেশি ব্যাংকের মধ্যে কর ব্যবধান বাড়ানোর প্রস্তাব করছি।”
ভ্যাট আইন কার্যকরের সময় বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি বলেন, “প্রচলিত ভ্যাট আইনের সঙ্গে নতুন আইনের মৌলিক পার্থক্য রয়েছে। এ আইনের সফল বাস্তবায়নের জন্য করদাতা পর্যায় পর্যন্ত পরিকল্পনা ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা জারি হওয়ার পর কমপক্ষে ৬ মাস সময় প্রয়োজন হবে করদাতাদের প্রস্তুতির জন্য।”
নতুন ভ্যাট আইন অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দিন থেকে অনলাইনে ভ্যাট আদায় শুরু হবে। ২০১২ প্রণীত আইনটি চলতি অর্থবছর থেকে বাস্তবায়নের কথা থাকলেও প্রস্তুতির অভাবে তা সম্ভব হয়নি।
এই আইনে সব ধরনের ভ্যাট ১৫ শতাংশ হারে আদায় করার কথা বলা হয়েছে। বর্তমানেও অধিকাংশ ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট নিয়ে থাকে সরকার। তবে কয়েকটি ক্ষেত্রে ৪ ও ৫ শতাংশ হারে এবং প্যাকেজ ভ্যাটও নেওয়া হয়।
প্রাক বাজেট আলোচনায় বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আকৃষ্ট করতে করমুক্ত লভ্যাংশ সীমা বাড়ানোর উপরও গুরুত্বারোপ করেন আইসিএএবি সভাপতি আরিফ।
“বর্তমানে ব্যাংকগুলোর সুদ হার কমে গেছে। তাই বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আকৃষ্ট করতে করমুক্ত লভ্যাংশ সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়ানো প্রয়োজন “
জমি, ভবন বা অ্যাপার্টমেন্ট নিবন্ধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বর্তমানে এক লাখ টাকার জমি, বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশনের সময় বাধ্যতামূলকভাবে ই-টিআইএন করতে হয়। এটি এক লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করছি।”
ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ এবং পণ্য ক্রয়ের উপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাবও দেন তিনি।
