ম্যারিকোর পরিচালক হলেন ব্যারিস্টার হাদী
বহুজাতিক পণ্যবিপণন প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসাবে যোগ দিয়েছেন ব্যারিস্টার আশরাফুল হাদী।
আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যারিস্টার হাদী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং দেশের একটি অন্যতম বড় ল’ ফার্ম কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসে যুক্ত। আইন পেশায় তার অভিজ্ঞতা ১৫ বছরের বেশি।
ব্যারিস্টার হাদী বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো ও ব্যাংকিং প্রতিষ্ঠানকে আইনগত পরামর্শ ও সেবা দিয়ে আসছেন।
এছাড়া তিনি পুঁজিবাজার, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি এবং ট্যাক্সেশন বা আয়কর বিষয়েও আইনি পরামর্শ দিয়ে থাকেন।
