২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট খরচ কমাতে ভ্যাট মওকুফের দাবি

ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত ভ্যাট মওকুফের দাবি জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 01:21 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

পাশাপাশি সিম ও রিম কার্ডের শুল্ক কমানোর দাবি জানিয়েছেন তারা।

জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে মঙ্গলবার এক প্রাক-বাজেট আলোচনা সভায় এসব দাবি জানান অ্যামটব প্রতিনিধিরা।

বর্তমানে ইন্টারনেট ও মডেম ব্যবহারের জন্য ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়।

সভায় বক্তব্যে অ্যামটব মহাসচিব টিআইএম নুরুল কবির বলেন, “সকল পর্যায়ে ইন্টারনেট বা মডেম ব্যবহারের ওপর ভ্যাট মুওকুফ করা হোক।”

এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ইন্টারনেট ও মডেম ব্যবহারের ওপর ভ্যাট উঠিয়ে নিলে সাধারণ মানুষের কাছে তা সহজলভ্য হবে। এর ফলে অপারেটরদের আয় বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তির প্রসার ত্বরান্বিত হবে।

চলতি বছর মার্চ শেষে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য হিসেবে, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮৩ লাখ, আর জানুয়ারিতে ৫ কোটি ৬১ লাখ।

গতবছর মার্চে বাংলাদেশে ৪ কোটি ৪৪ লাখ ৬২ হাজার মানুষ ইন্টারনেট সেবা কিনতেন। এই হিসেবে বছরে দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।

বিটিআরসির তথ্যে দেখা যায়, দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ৯৫ শতাংশ এ সেবা নিচ্ছেন মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে।

প্রাক-বাজেট সভায় অ্যামটবের পক্ষ থেকে সিম/রিম কার্ড এবং স্ক্র্যাচ কার্ডের শুল্ক কমানোর প্রস্তাব রেখে বলা হয়, শুল্ক কমে গেলে মোবাইল অপারেটররা প্রত্যন্ত অঞ্চলসহ দেশব্যাপী ব্যবসা সম্প্রসারণে সক্ষম হবে। এর ফলে পরিকল্পিত ডিজিটাল বাংলাদেশ গঠনের কাজ আরও বেগবান হবে।

বতর্মানে সব মোবাইল অপারেটরদের প্রতিটি সিম বা রিম বিক্রির জন্য ৩৬ দশমিক ৬৫ টাকা ভ্যাট এবং ৬৩ দশমিক ৩৫ টাকা সম্পূরক শুল্ক দিতে হয়, যা সম্মিলিতভাবে সিমট্যাক্স (১০০ টাকা) নামে পরিচিত।

এই সম্পূরক শুল্ক ও ভ্যাট তুলে নেওয়ার দাবি জানিয়ে অ্যামটব প্রতিনিধিরা বলেন, দেশের জনসংখ্যার একটি বিশাল অংশ এখনও মোবাইল ব্যবহার করে না। দেশে প্রকৃত মোবাইল ব্যবহারকারীর সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ৪২ শতাংশ।

সভায় অ্যামটবের পক্ষ থেকে মোবাইল কোম্পানির ক্ষেত্রে কর হার কমিয়ে অন্যান্য শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানানো হয়। পুঁজিবাজারে নিবন্ধিত মোবাইল কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যদি ৩০ শতাংশের বেশি লভ্যাংশ ঘোষণা দেয় সেক্ষেত্রে প্রযোজ্য করের ওপর ১০ শতাংশ হারে কর রেয়াত দেওয়ার প্রস্তাব রেখেছে অ্যামটব।

টেলিকম খাত থেকে করপোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব করে তারা বলছে, সেটি হলে নতুন অপারেটর পুঁজিবাজারে নিবন্ধিত হবে।

যে সব উপকরণ আমদানিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অনাপত্তিপত্র প্রয়োজন হয়, সেসব উপকরণ আমদানির ক্ষেত্রে এসআরও সুবিধার মাধ্যমে শূন্য থেকে ৫ শতাংশ হারে আমদানি শুল্ক নির্ধারণ করার দাবি জানানো হয়।

বর্তমানে অপারেটরররা টেলিকম সংক্রান্ত উপকরণ বা যন্ত্রপাতির উপর ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিয়ে থাকে।

আয়কর রিটার্নের ক্ষেত্রে প্রস্তাবিত নতুন আয় বছর অনুসরণ করা থেকে মোবাইল খাতকে অব্যাহতি দেওয়ার দাবিও করা হয় সভায়। বর্তমানে মোবাইল অপারেটররা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আয় বছর হিসাব করে।

সভায় বক্তব্যে মোবাইল অপারেটরদের বকেয়া পরিশোধের ওপর গুরুত্ব আরোপ করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

“আপনারা উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। মোবাইল অপারেটরদের কাছে যেসব বকেয়া আছে সেসব আলাপ-আলোচনার মাধ্যমে পরিশোধ করার ব্যবস্থা খুঁজে বের করতে হবে,” বলেন তিনি।