২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চলছে ডেনিম পণ্যের প্রদর্শনী

ডেনিম পণ্যের সর্বশেষ প্রযুক্তি ও নকশার সমাহার নিয়ে ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে দুই দিনের প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 12:06 AM

Updated : 11 Oct 2022, 08:08 PM

সোমবার বেলা ১১টায় মেলার দ্বার উন্মুক্ত হওয়ার পর দেশ-বিদেশি নিবন্ধিত দর্শনার্থী, ব্যবসায়ী ও কারখানা মালিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

অলাভজনক বেসরকারি সংস্থা বাংলাদেশ ডেনিম এক্সপোর চতুর্থ আয়োজন এটি। এর আগে গত দুই বছরে তিনটি প্রদর্শনীর আয়োজন করে সংস্থাটি।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই বছর আগে উদ্যোগটি নেওয়ার পর দিনে দিনে এই প্রদর্শনীতে দেশি-বিদেশি ব্যবসায়ী ও ক্রেতাদের আগ্রহ বাড়ছে।”

Image
বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে ঢাকায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’।

বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে ঢাকায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সোমবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’।

এই প্রদর্শনীতে আসা ইউরোপ-আমেরিকাসহ বিদেশি কারখানা মালিকদের কাছ থেকে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান নিয়ে দেশীয় উদ্যোক্তারা সুফল পাবেন বলে আশা করছেন তিনি।

মেলার এবারের আয়োজনে বাংলাদেশ, ব্রাজিল, চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, পাকিস্তান, সিঙ্গাপুর, স্পেন, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনামের মোট ৪৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সকালে উদ্বোধনী পর্বে ‘ডেনিম ট্রেন্ডস ২০১৭’ শীর্ষক আলোচনায় অংশ নেন ডেনিম ট্রেন্ডস বিষয়ক পরামর্শক এ্যামি লেভার্টন। ডেনিমের ভবিষ্যত ডিজাইনের সম্ভাব্য রূপ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।

প্রদর্শনীতে অংশ নেওয়া আন্তর্জাতিক ফ্যাশন হাউজ সিনারজিস ওয়ার্ল্ডওয়াইড এর প্রডাক্ট ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে এটিই ডেনিম নিয়ে সবচেয়ে বড় প্রদর্শনী। চীন, ভারত, পাকিস্তানসহ এ অঞ্চলের দেশগুলোতে এ ধরনের মেলায় অংশ নিয়ে থাকেন তারা। ডেনিম শিল্পের প্রসারে এটি অত্যান্ত সময়োপযোগী একটি উদ্যোগ।

বাংলাদেশ, ভারত, ব্রাজিল, কম্বোডিয়া, চীন, ইতালি, পাকিস্তান ও হংকংয়ে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে সিনারজিস ওয়ার্ল্ডওয়াইডের।

Image
ঢাকায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সোমবার শুরু হওয়া দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোতে এক দর্শনার্থী।

ঢাকায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে সোমবার শুরু হওয়া দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপোতে এক দর্শনার্থী।

বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, “এ ধরনের প্রদর্শনী দেশীয় ডেনিম পণ্যের ইমেজকে আরও উন্নত করবে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশি পণ্যের ভ্যালু আরও বাড়বে।

“এক সময় আমাদের এই শিল্প ছিল সম্পূর্ণ বিদেশি কাঁচামালনির্ভর। ১০/১৫ ডলারেও জিন্সের প্যান্ট বিক্রি করতে হতো। কিন্তু এখন বাংলাদেশে তৈরি ডেনিম পণ্যের দাম ৩০০ ডলারেও বিক্রি হচ্ছে “

ভবিষ্যতে এই খাতকে আরও সম্বৃদ্ধ করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

উদ্বোধনী দিনের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশ হরাইজন ২০২১: এ টেকনোলজিক্যাল ভিউ’ শিরোনামে ডেনিম শিল্পে দেশীয় কারখানাগুলোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মেলার শেষ দিন ‘দ্য রেভুলিউশন অব ডেনিম ইন্ডাস্ট্রি’ শীর্ষক আলোচনায় অংশ নেওয়ার কথা ফ্যাশন হাউজ ডেনিম এক্সপার্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন, আম্বার গ্রুপের পরিচালক শহিদুল হাসান, নাসা গ্রুপের পরিচালক সোহেল রানা ও শাসা গ্রুপের পরিচালক জামাল আব্দুন নাসেরের।