তৈরি পোশাক: ‘মুনাফা যার পকেটে, দায়িত্বও তার’
তৈরি পোশাকের উৎপাদিত মুনাফার সিংহভাগই বিদেশি ক্রেতা ও বিক্রেতারা ভোগ করেন বলে মন্তব্য করেছেন টেক্সটাইল গার্মেন্টস অয়ার্কার্স ফেডারেশন সভাপতি আবুল হোসাইন।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে তিনি একথা বলেন।
আবুল হোসাইন বলেন, “বাংলাদেশের উৎপাদক ও রপ্তানিকারকরা মুনাফার মাত্র ২৭ শতাংশ ভোগ করে। তৈরি পোশাকের উৎপাদিত মুনাফার সিংহভাগই বিদেশি ক্রেতা ও বিক্রেতারা ভোগ করেন। অথচ এই শিল্পে কোনো বিপর্যয় ঘটলে তার সমস্ত দায়-দায়িত্ব বাংলাদেশের উৎপাদন ও রপ্তানিকারকদের দায়ভার বহন করতে হয়।
“এটা ন্যায্য বাণিজ্যের পরিপন্থি। তৈরি পোশাকের সৃষ্ট মুনাফার যারা যারা ভোগ করবেন তাদেরকেই এই শিল্পের দায়-দায়িত্ব বহন করতে হবে। তৈরি পোশাকের উৎপাদিত মুনাফার সিংহভাগই বিদেশি ক্রেতা ও বিক্রেতারা ভোগ করেন।”
সেমিনারে শ্রমিক নেতা তপন সাহা বলেন, বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন খুবই স্বল্প। এই স্বল্প মজুরি দিয়ে তারা দেশের জন্য-শিল্পের জন্য-নিজের জন্য কাজ করেন। অথচ তারা কোনো দুর্ঘটনার শিকার হলে কেউ তাদের দায়-দায়িত্ব বহন করতে চান না।
সেমিনারের মূল বিষয়বস্তু ছিল ‘পোশাক শিল্পে শ্রমিকের অধিকার: কার কতটুকু দায়?’।
শ্রমিক নেতা মো. তৌহিদুর রহমান বলেন, “পাশ্চাত্যের দেশগুলো বাংলাদেশের তৈরি পোশাকের শ্রমিক অধিকার লংঘনের বিষয়টি বড় করে দেখেন, অথচ তারা পোশাকের ন্যায্য মূল্য প্রদানে অনীহা প্রকাশ করেন।”
সেমিনারে শ্রমিক নেতারা এ ব্যাপারে বাংলাদেশের শ্রমিকদেরকে আরও সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।
অন্যদের মধ্যে হংকং থেকে আসা সঞ্জীব পন্ডিত ও ওমেনা জর্জ, মো. মাহবুবুর রহমান ইসমাইল, গোলাম কাদির, সাহিদা সরকার, শামীমা শিরীন, কামরুন নাহার প্রমুখ বক্তব্য দেন।
