বিজ্ঞাপনে মধ্যস্বত্বভোগীর ভাগ নয়: এনবিআর চেয়ারম্যান
সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপনের টাকায় মধ্যস্বত্বভোগীরা যাতে ভাগ না বসাতে পারে, তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।
রোববার অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
আলোচনায় আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান বিজ্ঞাপনের বিল নিয়ে বিড়ম্বনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, “আমি একটা সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নিলাম। নেওয়ার পর দেখি, আমার কাছ থেকে ২৫ শতাংশ কেটে রেখে দিয়েছে। আমি ওই অফিসে গেলাম, কীভাবে কাটলেন? একটা হিসাব দেখালো যে, ১৫ শতাংশ হলো বিজ্ঞাপনী সংস্থার কমিশন।
“আমি বললাম, আপনি বিজ্ঞাপন দিলেন, আমি ছাপলাম; এখানে বিজ্ঞাপনী সংস্থা আসলো কোথায়? কোনো উত্তর নাই। কিন্তু টাকা কেটে রাখছে।”
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, “বিজ্ঞাপন নিয়ে যে বিষয়টা এসেছে, বিজ্ঞাপনী সংস্থা। মাঝখানে আমরা মধ্যস্বত্বভোগী রাখতে চাই না। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, সংবাদপত্রের সাথে আমাদের সম্পর্ক হবে সরাসরি।
“মধ্যস্বত্বভোগী কেউ যাতে এখানে এসে তাদের ভাগ বসাতে না পারে, সেটা আমরা নিশ্চিত করব।”
কী করলে কর দিতে মানুষের উৎসাহ বাড়বে- সাংবাদিকরা সে বিষয়ে বরাবরই পরামর্শ দিয়ে আসছেন উল্লেখ করে তিনি বলেন, “সেই পরামর্শের আলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সর্বোচ্চ করদাতাদের মাপকাঠি সংশোধন করছি, যাতে প্রত্যেক পেশায় সর্বোচ্চ করদাতাদের চিহ্নিত করা যায়।”
খুব তাড়াতাড়ি এটা মন্ত্রীদের কাছে উপস্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, যথাযথ অনুমোদন নিয়ে প্রতিটা পেশার তালিকা হবে।
ব্যবসায়ী আর শিক্ষকের মধ্যে প্রতিযোগিতা হতে পারে না মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদের অনেকে আয়কর দিচ্ছেন, কিন্তু সেরা করদাতার তালিকায় তারা তাদের নাম দেখতে পান না।
“আমরা ৩০৩ জনের তালিকা করেছি। ১০১ জন সারাদেশের সর্বোচ্চ করদাতা, ১০১ জন মহিলা সর্বোচ্চ করদাতা ও ১০১ জন হচ্ছেন তরুণ করদাতা। এটা এই সপ্তাহেই ঘোষণা করা হবে।”
আলোচনায় নাঈমুল ইসলাম খান ‘প্রকৃত সংবাদ মাধ্যম’ চিহ্নিত করে তাদের রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান।
“আমার বলতেও খারাপ লাগে, কিন্তু মনে হয়, লেজিটিমেট সংবাদপত্রগুলোর জন্য রাষ্ট্রের সহায়তা আরেকটু বাড়ানো দরকার। এই সংবাদপত্রগুলো চিহ্নিত করতে ফেয়ার রিসার্চ দরকার।”
সংশ্লিষ্ট সরকারি দপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে এর তালিকা থাকলেও তা নিয়েও সন্দেহ আছে এই সম্পাদকের।
“একেবারে টপ নিউজ পেপার থেকে শুরু করে নিচের নিউজপেপার পর্যন্ত ওইখানে ফিগারগুলো আছে, সবগুলো মিথ্যা। একেবারে শতভাগ মিথ্যা। বেস্ট নিউজ পেপারেরটাও মিথ্যা, লোয়েস্ট নিউজপেপারেরটাও মিথ্যা। এটার ভিত্তিতেই চারদিকে লুটতরাজ চলে। বিজ্ঞাপনের লুটতরাজ, ঘুষ দিয়ে বিজ্ঞাপন, কমিশন দিয়ে বিজ্ঞাপন, এটা একটা অরাজক অবস্থা।”
বিজ্ঞাপনের বিলগুলো আটকা পড়ে থাকে জানিয়ে তিনি বলেন, “কেন আটকা পড়ে থাকে? কারণ টাকার এই রকম অবাধ লুণ্ঠন এটার মধ্যে যে, লেজিটিমেট বিলগুলো দেওয়ার সময় টাকার সমস্যা হয়। আবার ঘুষ দিয়ে হয়তো আরেক জায়গা থেকে বিল তুলে ফেলছে। এইগুলো বলা দরকার। এখন থেকে কারোর বিরুদ্ধে চার্জশিট হবে না। এগুলো অভিযোগ নয়। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে।”
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হোসেন।
বক্তব্য রাখেন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমানও।
