স্মার্টফোনের প্রসারে বাধা কর কাঠামো: তারানা
সবার হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার পথে এ খাতের বিদ্যমান কর কাঠামো প্রতিবন্ধকতা তৈরি করছে বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বিদ্যমান কর কাঠামো পুনর্বিবেচনার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার ওয়েস্টিন হোটলে টেলিযোগাযোগ খাতের প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে মোবাইল হ্যান্ডসেটের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সুলভ মূল্যে সবার হাতে স্মার্টফোন তুলে দেওয়ার প্রতিশ্রতি আছে জানিয়ে তারানা হালিম বলেন, “সুলভে হ্যান্ডসেট তুলে দিতে হলে আমাদের হ্যান্ডসেট তৈরি করতে হবে।
“যখন আমদানি করা হয় তখন দাম কম পড়ছে, যেখানে দেশে উৎপাদন করতে গেলে বেশি পড়ছে। দুইদিন আগে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে, দেশে উৎপাদনের জন্য প্রতিবন্ধকতা তুলে দিতে হবে। তা না হলে এটি (কর কাঠামো) ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায় হবে।”
প্রতিমন্ত্রী বলেন, “যত মানুষের হাতে স্মার্টফোন পৌঁছাবে, তত মানুষ ইন্টারনেট ব্যবহার করবে এবং অন্যান্য ডিজিটাল সার্ভিস ব্যবহার করার ফলে সরকারের রাজস্ব বাড়বে। হ্যান্ডসেট আমদানি থেকে যে এক হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়, তার চেয়ে বেশি আয় হবে বলে মনে করি।”
আলোচনায় অংশ নিয়ে বিটিআরসি চেয়ারম্যান শাজাহান মাহমুদ দেশে মোবাইল ফোন তৈরিতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “মোবাইল ফোন আনতে হলে ২০ শতাংশ ট্যাক্স দিতে হয়, আর তৈরির জন্য যন্ত্রপাতি নিয়ে আসলে খরচ হয় ৩৭ শতাংশের বেশি। যারা মোবাইল ফোন আমদানি করেন তারা দ্রুত এ বিষয়ে আবেদন করেন, যেখানে প্রয়োজন আমরা যাব।”
মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সভাপতি রুহুল আলম আল মাহবুব মানিক মোবাইল ফোন তৈরিতে কর ৫ শতাংশে নামিয়ে আনার পক্ষে মত দেন।
টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
সেমিনারে বিএমপিআইএ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু সাঈদ খান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান, ঢাকা কাস্টমস হাউজের কমিশনার লুৎফর রহমান, বিটিআরসি মহাপরিচালক কর্নেল নাসিম পারভেজ, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশের (অ্যামটব) প্রতিনিধি এবং গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বক্তব্য রাখেন।
