২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সাথীর আচার প্রাণের প্রতিযোগিতায় সেরা

কয়েক হাজার স্বাদকে টপকে প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতায় বর্ষসেরা হয়েছে ঢাকার শামসুন নাহার সাথীর হাতে তৈরি আচার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 10:15 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

২০১৫ সালে সারা দেশের দুই হাজার ৭৫১ জন প্রতিযোগীর পাঠানো প্রায় সাত হাজার রকমের আচারের মধ্য থেকে বিচারকরা ‘বর্ষসেরা আচার’ হিসাবে নির্বাচিত করেছেন সাথীর হাতে তৈরি আচার।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক পুরস্কার বিতরণীর আয়োজন করে এই সেরা আচারের পুরস্কার হিসেবে সাথীর হাতে তুলে দেওয়া হয় দুই লাখ টাকা।

Image
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব

প্রতিযোগিতায় টক, মিষ্টি, ঝাল ও অন্যান্য ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে পুরস্কৃত করা হয়েছে আরও ১২ জনকে। এছাড়া ৩৫ জন পেয়েছেন শুভেচ্ছা পুরস্কার।

পুরস্কার বিতরণীর সাংস্কৃতিক পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদ ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী।

বিজয়ীদের উদ্দেশ্যে সেলিমা আহমেদ বলেন, এই প্রতিযোগিতা সমাজের প্রতিটি স্তরে নারীদের এগিয়ে যাওয়ারই প্রমাণ। আচার তৈরি মাধ্যমে বিজয়ী নারীদের জন্য জামানতবিহীন ব্যাংকঋণের জন্য প্রচেষ্টা চালাবে উইমেন চেম্বার।

এছাড়া নিজের প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপের পণ্যগুলো নারীদের জন্য কমমূল্যে দেওয়ারও ঘোষণা দেন তিনি। 

বিভিন্ন বিভাগে বিজয়ীরা

এবারের প্রতিযোগিতায় টক বিভাগে ঢাকার আয়েশা জেসমিন প্রথম, ফৌজিয়া আফসানা বেগম দ্বিতীয় এবং খুলনার সাবেরা মারজানা তৃতীয় হয়েছেন।

মিষ্টি বিভাগে নরসিংদীর তাসনিম করিম (রিয়া) প্রথম, রাজশাহীর ফারহানা আক্তার দ্বিতীয় এবং ঢাকার দিলওয়ারা বেগম তৃতীয় স্থান অধিকার করেছেন।

ঝাল বিভাগে ঢাকার সাবিহা পারভীন প্রথম, সিলেটের তাহমিনা দ্বিতীয় এবং পিরোজপুরের আবিদা সুলতানা জেমি তৃতীয় হন।

Image
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব

অন্যান্য বিভাগে ঢাকার ফাহমিদা শারমিন প্রথম, সাদিয়া আফরিন দ্বিতীয় এবং লায়লা সিদ্দিক পিংকী তৃতীয় হয়েছেন।

প্রতিটি বিভাগের প্রথমস্থান অধিকারীকে একটি করে ৪২ ইঞ্চি ভিশন এলইডি টিভি, দ্বিতীয় স্থান অধিকারীকে ল্যাপটপ এবং তৃতীয় স্থান অধিকারীকে আইপিএস দেওয়া হয়।

এছাড়া ৩৫ জনকে শুভেচ্ছা পুরস্কার হিসাবে দেওয়া হয় ইটালিয়ানোর ডিনার সেট।

প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার ১৬তম এ আয়োজনে চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের উপাধ্যক্ষ নিসাত পারভীন, নৃত্য শিল্পী ও অভিনেত্রী লায়লা হাসান, পুষ্টি বিশেষজ্ঞ তামান্না রহমান, রন্ধনবিদ নাজমা আক্তার, সংবাদ পাঠক মুমতাহিনা হাসনাত রীতু, সংগীত শিল্পী অনিমা রায়, নৃত্য শিল্পী পূজা সেন, মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া, আরএফএল হোম মেকার অফ দ্যা ইয়ার এর প্রথম রানার আপ নাজমীন হিমা ও বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম।