২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক খাত সংস্কার উদ্যোগ কোনো কোনো ক্ষেত্রে ‘স্থবির’: টিআইবি

রানা প্লাজা ধসের পর পোশাক খাত সংস্কারে যেসব উদ্যোগ নেওয়া হয় তার প্রায় ৭৭ শতাংশ ‘বাস্তবায়ন’ হয়েছে এবং বাকি ২৩ শতাংশের বাস্তবায়ন কোনো কোনো ক্ষেত্রে ‘স্থবির’ হয়ে পড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 07:36 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রকাশিত ‘তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়।

বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি হলেও পোশাক খাতে সুশাসন ফিরিয়ে আনতে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে বলে অভিমত দেওয়া হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।

প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার মনজুর ই খোদা।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান ও সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিনা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার ওয়েবসাইট প্রতিবেদন এবং মালিক, শ্রমিক ও নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে ‘গুণগত এই জরিপ প্রতিবেদন’ তৈরি করেছে জার্মানভিত্তিক সুশাসন সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি।

প্রতিবেদনে বলা হয়, রানা প্লাজা দুর্ঘটনার পর কারাখানা সংস্কারে ২০১৩ সালে ১০২টি উদ্যোগ নেওয়া হয়। তিন বছরে (২০১৬ সাল পর্যন্ত) ধাপে ধাপে যার ৭৭ শতাংশ উদ্যোগের উল্লেখযোগ্য বাস্তাবায়ন দেখা যাচ্ছে। সরকার ও বিভিন্ন স্টেক হোল্ডারের বহুমুখী উদ্যোগসমূহ ২০১৬ পর্যন্ত ৩৯ শতাংশ সম্পূর্ণ বাস্তবায়ন এবং ৩৮ শতাংশ সন্তোষজনক অগ্রগতি হয়েছে। অবশিষ্ট ২৩ শতাংশ উদ্যোগের ক্ষেত্রে ধীরগতি এবং কোনো কোনো ক্ষেত্রে বাস্তবায়ন স্থবির হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রানা প্লাজা ট্রাজেডি-উত্তর পোশাক খাতের সুশাসন নিশ্চিতকরণে সরকার ও বিভিন্ন অংশীজন বহুমুখী উদ্যোগ গ্রহণ করে। এসব উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনায় টিআইবি ধারাবাহিকভাবে গবেষণা পরিচালনা করে আসছে।

প্রতিবেদনে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত সময়ে নেওয়া পদক্ষেপের পর্যালোচনা করা হয়েছে।

এতে বলা হয়, গত এক বছরে চলমান ৬৮টি উদ্যোগের ক্ষেত্রে ছয়টি উদ্যোগ সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ৩৯টি বাস্তবায়নে সন্তোষজনক অগ্রগতি হয়েছে, ১০টি বাস্তবায়নে ধীর গতি দেখা গেছে এবং ১৩টি বাস্তবায়নে স্থবিরতা পরিলক্ষিত হয়।

সুশাসনের অন্তরায় দূরীকরণে ২০১৬ পর্যন্ত সরকার ইপিজেড শ্রম আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দিয়েছে, ইপিজেড শ্রমিকদের আইনগত সুবিধা দিতে ইপিজেড শ্রম আদালত ও শ্রম আপিলেট ট্রাইব্যুনাল গঠন এবং শ্রম বিধিমালা পাস করেছে।

সরকারি উদ্যোগের পাশাপাশি প্রায় ৯৫ শতাংশ কারখানায় ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত হারে মজুরি দেওয়া হচ্ছে, অধিকাংশ কমপ্লায়েন্স কারখানায় শ্রমিকদের জরুরি নম্বরসহ পরিচয়পত্র দেওয়া হচ্ছে।

বিজিএমইএ শ্রমিকদের দক্ষতা উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট এর ‘সিপ’ প্রজেক্টের আওতায় ৪৩ হাজার ৮০০ শ্রমিককে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ পরবর্তী চাকরির ব্যবস্থা করছে।

রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় গঠিত বিভিন্ন তহবিল থেকে প্রায় ৩০ মিলিয়ন ডলার সফলভাবে বিতরণ করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক

ছবি: আসাদুজ্জামান প্রামানিক

 

চ্যালেঞ্জ

গবেষণা প্রতিবেদনে দেখানো হয়, বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও পোশাক খাতে সুশাসন ফিরিয়ে আনতে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। শ্রম আইনের বিভিন্ন ধারার [(২৩, ২৭, ১৮৯, ২(৬৫)] অপব্যবহারের মাধ্যমে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

মন্ত্রিসভায় অনুমোদিত ইপিজেড শ্রম আইন ২০১৬ এ ট্রেড ইউনিয়নের আদলে শ্রমিক কল্যাণ সমিতি গঠনের কথা বলা হলেও ৩০ শতাংশ শ্রমিকের স্বাক্ষরসহ ৫০ শতাংশ শ্রমিকের ভোটের মাধ্যমে এবং ইপিজেড কর্তৃপক্ষের অনুমোদনে শ্রমিক কল্যাণ সমিতি গঠনের বিষয়টি কঠিন করা হয়েছে।

শ্রম বিধিমালা-২০১৪ এ শ্রমিকদের আহার ও বিশ্রামের সময় কমিয়ে দেওয়া, অংশগ্রহণ কমিটি গঠন এবং পরবর্তীতে সেফটি কমিটি নির্বাচনে মহাপরিদর্শকের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে এখনও অস্পষ্টতা রয়েছে।

একইভাবে রানা প্লাজা দুর্ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পরিচালনায় দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন তদারকি প্রতিষ্ঠান কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণে অনীহা দেখা গেছে।