বাস-ট্যাক্সিতে রবির ওয়াই-ফাই সেবা
ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে দেশজুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বড় একটি প্রকল্প হাতে নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।
এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ১০০টি বাস ও ১০০টি ট্যাক্সিতে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করেছে রবি।
ঢাকা-চট্রগ্রাম রুটের বাস ও ঢাকার ২৭ নম্বর বাস মিলে ১০০টি এবং রাজধানীর ১০০টি ট্যাক্সিতে এ সেবা শুরু হয়েছে।
মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোনারগাঁও হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে মানসম্মত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রবির উদ্যোগকে স্বাগত জানিয়ে তারানা হালিম বলেন, “আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই। এজন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
“জনগণ যেহেতু ডিজিটাল জীবনধারায় অভ্যস্থ হয়ে উঠছে, তাই উচ্চগতির ইন্টারনেটের চাহিদা মেটাতে এই পদক্ষেপ সহায়ক হবে। রবির মত অন্য অপারেটররা এ রকম উদ্যেগে আসলে এই সেবা আরও সহজলভ্য হবে।”
অনুষ্ঠানে রবির জেনারেল ম্যানেজার (ডাটা বিজনেস) মশিউর রহমান জানান, প্রকল্পের আওতায় আগামী ছয় মাসে ৫০০টি শীর্ষস্থানীয় রেস্তোরাঁ, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি পাবলিক প্লেস (বিমানবন্দর ও রেল স্টেশন) এবং ৩৫০ টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াই-ফাই সেবা দেবে তাদের প্রতিষ্ঠান।
ভবিষ্যতে ওয়াই-ফাইর জন্য বিভিন্ন ডাটা বান্ডেল অফার দেওয়া হবে বলেও জানান তিনি।
রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে বলেন, “সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রবি অঙ্গীকারাবদ্ধ এবং এ লক্ষ্য বাস্তবায়নের মূল হাতিয়ার ইন্টারনেটের সহজলভ্যতা। এজন্য ডিজিটাল বৈষম্য দূর করতে কাজ করে যাচ্ছে রবি।”
প্রতিষ্ঠানটির চিফ করপোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ বলেন, জনগণের জন্য প্রযুক্তি সহজলভ্য করতে রবির এই উদ্যোগের ফলে ডিজিটাল ক্ষেত্রে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়াইফাই হটস্পট স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য অ্যাকসেসটেল, কিউবি ও আমরা টেকনোলজি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রবি। বাস ও ট্রেনে ওয়াই-ফাই সেবা দিতে চুক্তি হয়েছে কোলেস এর সঙ্গে।
পরে একটি বাসে ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
