ভ্যাট ফাঁকি: স্টারের সব খাবার দোকানে অভিযান
রাজধানীতে স্টার কাবাব ও রেস্তোরাঁসহ স্টার গ্রুপের সব খাবারের দোকানে অভিযান চালিয়ে ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে বলে দাবি করেছে মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযানের পর সন্ধ্যায় সেগুন বাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন হয়।
এতে এনবিআর সদস্য (মূসক)রেজাউল হাসান বলেন, “গোয়েন্দার আটটি দল অভিযানে অংশ নেয়। ভ্যাট ফাঁকির বিরুদ্ধে পরিচালিত অভিযানগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় অভিযান।”
ধানমন্ডি, ওয়ারি, টিকাটুলি, এলিফ্যান্ট রোড ও ঠাঁটারি বাজার এলাকায় স্টার গ্রুপের রেস্তোরাঁ ও খাবারের দোকানের সঙ্গে আবাসিক হোটেল মিলিয়ে ১১টি প্রতিষ্ঠানে অভিযান চলে।
রেজাউল বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ভ্যাটের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়।
স্টার হোটেল ও রেস্তোরাঁর মূসক চালানের পরিবর্তে নিজস্ব চালান ইস্যু, ইসিআর থাকা সত্ত্বেও চালানপত্র না দেওয়া, সাদা কাগজে বিল দেওয়া, মূল্য তালিকায় ভ্যাট অন্তর্ভুক্ত না করাসহ ভ্যাট ফাঁকির অসংখ্য কাগজপত্র জব্দ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এতে বলা হয়, এলিফ্যান্ট রোডে স্টার হোটেল ও রেস্টুরেন্টের বেশ কিছু চালান ইস্যুর প্রমাণসহ হাতেনাতে ম্যানেজারকে আটক করেন কর্মকর্তারা।
তিনি বলেন, “এলিফ্যান্ট রোডে স্টার হোটেল ও রেস্টুরেন্টের বেশ কিছু কাঁচাচালান ইস্যুর প্রমাণসহ হাতে নাতে ম্যানেজারকে ধরা হয়। একইভাবে ঠাটারি বাজার, ধানমন্ডি, বনানী, কারওয়ান বাজার শাখায় ব্যাপকহারে কাঁচাচালান ইস্যু করছে।
“স্টার কাবাব ও বেকারি একটি রেজিস্ট্রেশনের আওতায় দুটো নন ফিসক্যাল ইসিআর ব্যবহার করছে। এতে প্রতিদিন সরকার লাখ লাখ টাকা ভ্যাট প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।”
বেলাল হোসাইন বলেন, “ভ্যাট ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় গোয়েন্দা কর্মকর্তারা প্রতিষ্ঠানটির বাণিজ্যিক দলিলাদি জব্দ করে নিয়ে এসেছেন। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ভ্যাট ফাঁকির মামলা করা হবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬ মাসে ভ্যাট গোয়েন্দা দপ্তর প্রায় ৭০টি ভ্যাট ফাঁকির অভিযান পরিচালনা করেছে।
