সিম নিবন্ধনে পারিশ্রমিক বাড়ানোর দাবি
আঙ্গুলের ছাপ (বায়েমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনে এজেন্টদের কমিশন বাড়াতে মোবাইল ফোন অপারেটরগুলোর প্রতি দাবি জানিয়েছে ‘বাংলাদেশ টেলি-রিচার্জ অ্যান্ড মোবাইল ব্যাংকিং ব্যবসায়িক অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নুরুল হুদা বলেন, “একটি সিম রি-রেজিস্ট্রেশন করতে সময় লাগে কমপক্ষে আধঘন্টা। এই শ্রমের মূল্য ১ টাকা ৮০ পয়সা (বর্তমান কমিশন)।
“দিনে ৩০টি সিম রেজিস্ট্রেশন করলে আসে ৪০ টাকা। এটি জীবন ধারণের জন্য উপযোগী নয়, অপমানজনকও।”
এটি বাড়িয়ে ৫০ টাকা করার দাবি জানান তিনি।
সংগঠনটির প্রচার সম্পাদক জাকির হোসেন জানান, বায়োমেট্রিক সিম নিবন্ধনের মেশিনগুলোয় এখন ত্রুটি দেখা দিচ্ছে। অনেক সময় এক কোম্পানিকে আঙ্গুলের ছাপ দেওয়ার পর অন্য কোম্পানির সিম নিবন্ধনে করতে গেলে ছাপ নেওয়া যায় না।
তিনি বলেন, “অনেক সময় অসাধু ব্যবসায়ী গ্রাহকের দুই আঙ্গুলের ছাপ নেওয়ার পর মেশিনে ব্যবসায়ীর দুই আঙুলের ছাপ নেওয়া হচ্ছে।
এই বিষয়গুলো মনিটরিংয়ের আওতায় আনার উচিত দাবি করে তিনি বলেন, “কোনোএজেন্ট ভুয়া রেজিস্ট্রেশন করে না। কোম্পানিগুলো ভুয়া রেজিস্ট্রেশন করে থাকে। এখনও অনেক সিমের গ্রহক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেশন না করলেও তাদের সিম নাকি একা একাই রি-রেজিস্ট্রেশন হয়ে গেছে।”
এটা কিভাবে সম্ভব হলো- প্রশ্ন রাখেন তিনি।
সংগঠনটির অন্য দাবির মধ্যে রয়েছে, আগের দাবি অনুযায়ী প্রতি রিচার্জে শতকরা ১০ টাকা প্রদান, শুধু মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত দোকানেই রিচার্জ সিম দেওয়া, রিচার্জ সিমে কোম্পানিকর্তৃক বাধ্যতামূলক স্টক ব্যালেন্স রাখার নিয়ম প্রত্যাহার করা।
এছাড়াও সিম রিপ্লেসমেন্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টদের ক্ষতিপূরণ প্রদান, নম্বর হ্যাকিং বা ক্লোন কলের মাধ্যমে এজেন্টদের অর্থ আত্নসাৎ হলে অর্থ দ্রুত ফেরত দেওয়া, এজেন্ট সিমগুলো কোম্পানিকর্তৃক বীমার আওতায় আনা, টেলি রিচার্জ ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় ব্যাংক ঋণের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
