২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পড়েছে ইলিশের দাম, অন্য সব আগের মতোই

পহেলা বৈশাখ সামনে রেখে রাজধানীর বাজারগুলোতে ইলিশের যে চড়া দাম ছিল তা উৎসবের পরদিনই নামতে শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 04:23 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

পুরনো খবর:

বাড়তি গুণেও ইলিশ কিনে খুশি

শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার ও মহাখালী কাঁচাবাজারে ইলিশ বিক্রেতাদের মুখে ‘শিক্ষা’ হওয়ার কথাও শোনা গেছে।

এদিন  এক কেজি ওজনের ইলিশ মাছ ৮০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যেখানে একদিন আগেই তার জন্য দুই থেকে তিন হাজার টাকা গুণতে হয় ক্রেতাদের।

কারওয়ানবাজারে আধা কেজির কাছাকাছি ইলিশগুলো ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি করতে চাচ্ছিলেন দোকানিরা। তারপরেও ক্রেতাদের তেমন সাড়া পাচ্ছিলেন না তারা।

দুদিন আগেও ইলিশের চড়া দাম নিয়ে উচ্ছ্বসিত বিক্রেতা শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পহেলা বৈশাখের আগে দেড় হাজার টাকায় কেনা মাছ এখন আমরা আটশ থেকে হাজার টাকা যা পাচ্ছি সেই দামে বিক্রি করছি। আগামীতে আর এতো দামে মাছ কিনব না।”

আরেক বিক্রেতা শুক্কুর আলী জানান, পহেলা বৈশাখের আগের দিন বিকাল থেকেই ক্রেতাদের আনাগোনা কমে গেছে।

“চড়া দামে কেনা মাছগুলো এখন আমরা অনেক কম দামে ছেড়ে দিচ্ছি।”

কেনা দামের চেয়ে কম টাকায় ইলিশ বিক্রির কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “দীর্ঘদিন কোল্ড স্টোরেজে থাকা মাছগুলো বরফ দিয়ে বেশি দিন রাখা যায় না। সে কারণে কম দামে ছেড়ে দিতে হচ্ছে।”

নতুন বাংলা বছর বরণে পরিবার ও বন্ধু-বান্ধবকে সঙ্গে নিয়ে পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার যে রীতি দাঁড়িয়েছে তা থেকে সরে আসার জোর সরকারি প্রচার ছিল এবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈশাখী আয়োজনেও খাবার তালিকায় এবার ইলিশ রাখা হয়নি।

বিষয়টিকে ইতিবাচক হিসাবেই দেখছেন করওয়ানবাজারের বিক্রেতারা।

“ভালোই হয়েছে। এবার একটু লস হলেও সামনে আশা করি, মোকামে অত দাম উঠবে না। লস যা হওয়ার এবারই হইছে। সামনে আর হবে না,” বলেন শিপন।  

এদিকে নতুন বাংলা বছরের শুরুতে শাক-সবজিসহ নিত্যপণ্যের বাজার অনেকটা স্থিতিশীল রয়েছে। অন্য সব মাছের দামে খুব একটা হেরফের না হলেও কিছুটা বেড়েছে মাংসের দাম।

এদিন কারওয়ানবাজার ও মহাখালী কাঁচাবাজারে ঢেঁড়শ, আলু, টমেটো, করলা, ঝিংগাসহ অন্যান্য সবজি ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। পেঁয়াজ, রসুন, সয়াবিন তেলও বিক্রি হচ্ছে আগের দামেই।

মহাখালীর লুৎফর রহমান জেনারেল স্টোরের বিক্রয়কর্মী মাসুদ বলেন, পেঁয়াজ-রসুন, আলু, মসলাসহ অধিকাংশ নিত্যপণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহে কোনোটিরই দাম বাড়েনি।

এদিন মহাখালীতে কেজি প্রতি দেশি পেঁয়াজ ৩৫ টাকায়, আমদানি করা পেঁয়াজ ৩০ টাকায়, দেশি রসুন ৮০ টাকায়, আমদানি করা রসুন ১৭০ টাকায়, আলু ২০ টাকায় বিক্রি হয়। আর কারওয়ানবাজারে এসব পণ্যের দাম বরাবরের মতোই কয়েক টাকা কম। 

দুই সপ্তাহ আগে বাড়তে থাকা লবণের দাম নতুন করে বাড়েনি। প্যাকেট লবণ কেজি প্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা লবণের সংকটের কথা বলে সম্প্রতি প্যাকেট লবণের দাম বাড়ান বাজারজাতকারীরা।

মহাখালীতে বিভিন্ন আকারের চিংড়ি মাছ ৩৮০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। ছোট শিং মাছের কেজি ৬০০ টাকা, আর মাগুরের কেজি ৫০০ টাকায় বিক্রির কথা জানান কয়েকজন বিক্রেতা।

এই বাজারে গরুর মাংস ৪২০ টাকা এবং খাসির মাংস ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। সপ্তাহখানেক আগেও গরুর মাংস কেজি প্রতি ৪০০ টাকায় বিক্রি হয়।

কারওয়ানবাজারে এদিন ফার্মের মুরগির দাম কেজি প্রতি ছিল ১৬০ টাকা, যা সপ্তাহখানেক আগেও ছিল দেড়শ টাকার কাছাকাছি।